ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের উত্তরসূরি কে?
মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাপ্রেস ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সংসদ-সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হচ্ছে। শিগগিরই আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল প্রকাশ করবে নির্বাচন কমিশন। এখন এ আসনে মির্জা ফখরুলের উত্তরসূরি নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। বিশেষ করে স্থানীয়দের মধ্যে এ নিয়ে আগ্রহের শেষ নেই।
বিএনপির এ ঘাঁটিতে কে হচ্ছেন পরবর্তী কাণ্ডারি? ঐতিহ্য ধরে রাখতে আসছেন পরিবারেরই কেউ, নাকি অন্য কোনো নেতৃত্ব? দলীয় নেতাকর্মীদের দৃষ্টি এখন হাইকমান্ডের দিকে। তবে আলোচনায় এগিয়ে আছেন মির্জা ফখরুল ইসলামের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন ও কন্যা শামারুহ মির্জা। শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন কে পাবে-তা তফসিল ঘোষণা হলে সিদ্ধান্ত দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য যুগান্তরকে জানান, তফসিল ঘোষণা হলে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে দলীয় প্রার্থী চূড়ান্ত করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ঠাকুরগাঁও জেলা বিএনপির কয়েকজন নেতা যুগান্তরকে বলেন, স্থানীয়দের কাছে মির্জা ফয়সাল আমিন ও শামারুহ মির্জা উভয়ই জনপ্রিয়। কেন্দ্র থেকে যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই কাজ করবেন তারা। তৃণমূলের কাছে দলের সিদ্ধান্তই চূড়ান্ত বলেও মনে করেন তারা।
স্থানীয় রাজনীতিতে আলোচনা রয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় তার পরিবার বা আস্থাভাজনদের মধ্য থেকেই পরবর্তী উত্তরসূরি বেছে নেওয়া হবে। আর এ দৌড়ে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে মির্জা ফখরুলের সহোদর ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন এবং বড় মেয়ে শামারুহ মির্জার নাম।
খোঁজ নিয়ে জানা যায়, ঠাকুরগাঁও জেলা বিএনপির তৃণমূলের একটি বড় অংশের কাছে জনপ্রিয় ও পরীক্ষিত নাম ফয়সাল আমিন। স্থানীয় রাজনীতির সঙ্গে তার যোগাযোগ দীর্ঘসময় ধরে। তিনি ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘ সময় ধরে ঠাকুরগাঁও জেলা বিএনপি ও সদর উপজেলা বিএনপির বিভিন্ন গুরুদায়িত্ব সামলেছেন।
তৃণমূল নেতাকর্মীদের মতে, মির্জা ফয়সাল আমিন রাজপথের আন্দোলন-সংগ্রামে সবসময় সামনের সারিতে ছিলেন। সমর্থকদের দাবি, অভিজ্ঞতার বিচারে মির্জা ফয়সালই হবেন সবচেয়ে যোগ্য প্রার্থী, যিনি দলের মাঠপর্যায়ের ঐক্য ধরে রাখতে সক্ষম।
অন্যদিকে রাজনীতির মাঠে প্রথাগতভাবে সরব না থাকলেও ঠাকুরগাঁও-১ আসনের রাজনীতিতে আলোচনার শীর্ষে চলে এসেছেন মির্জা ফখরুলের কন্যা ডা. শামারুহ মির্জা। সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি ঠাকুরগাঁওয়ের মানুষের প্রিয়ভাজন হয়ে উঠেছেন। বিশেষ করে করোনাকালে এবং ঠাকুরগাঁওয়ের দুস্থ, অসচ্ছল মানুষের চিকিৎসাসেবা ও মানবিক সহায়তায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি নারী ক্ষমতায়ন ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে তার অংশগ্রহণ ঠাকুরগাঁওয়ের তরুণ প্রজন্ম ও নারী ভোটারদের মধ্যে আলাদা এক অনুভূতির সৃষ্টি করেছে।
দলের একাংশ মনে করছে, আধুনিক ও শিক্ষাদীক্ষায় সমৃদ্ধ নতুন প্রজন্মের প্রতিনিধি হিসাবে ডা. শামারুহ মির্জাকে ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী করা হলে তা স্থানীয় রাজনীতিতে নতুন গতি আনবে। বিএনপির তরুণ নেতৃত্ব বিকাশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ইতিবাচক ভাবমূর্তি তৈরিতেও তার মনোনয়ন বড় ভূমিকা রাখতে পারে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!
সঙ্গীত একাডেমি