৪ অক্টোবর ২০২৬

ট্রাম্প প্রশাসনের নতুন মুখপাত্র: কে এই বেনী রায় হারমোনি?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫২ পিএম
ট্রাম্প প্রশাসনের নতুন মুখপাত্র: কে এই বেনী রায় হারমোনি?

বাংলাপ্রেস ডেস্ক: হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ থেকে ক্যারোলিন লেভিট সরে দাঁড়ানোর এক মাসেরও বেশি সময় পর সাংবাদিক বেনি রে হারমোনিকে সহকারী প্রেস সেক্রেটারি পদে নিয়োগ দিয়েছেন ড্রোনাল্ড ট্রাম্প। ২৪ বছর বয়সি হারমোনি এর আগে ‘রিয়েল আমেরিকাস ভয়েসের’ প্রধান হোয়াইট হাউস সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সংবাদমাধ্যম টিএমজেড এক প্রতিবেদনে জানিয়েছে, আগামীকাল সোমবার থেকে হোয়াইট হাউসের মুখপাত্র হিসেবে কাজ শুরু করবেন হারমোনি।

হারমোনি নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে সুযোগ দেওয়ায় এবং আস্থা রাখায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন হারমোনি।

এক্স বার্তায় তিনি লিখেছেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমি হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি হিসেবে ট্রাম্প প্রশাসনে যোগ দিচ্ছি। রিয়েল আমেরিকাস ভয়েসের সিনিয়র হোয়াইট হাউস সংবাদদাতা হিসেবে এই ঐতিহাসিক প্রশাসনের কার্যক্রম কভার করা, ভ্রমণ করা এবং সংবাদ পরিবেশন করা আমার জন্য ছিল সম্মানের। সব সময়ই আমার লক্ষ্য ছিল এমন সব প্রশ্ন করা, যা প্রকৃত আমেরিকানদের কাছে গুরুত্বপূর্ণ এবং তাদের কণ্ঠস্বর যেন শোনা যায় তা নিশ্চিত করা।’

তিনি আরও লিখেছেন, ‘এই সুযোগ ও আস্থার জন্য আমি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমি কর্মজীবনের এই নতুন অধ্যায়টি অর্থাৎ আমেরিকান জনগণের সেবা করা এবং আমেরিকান ড্রিমের জন্য লড়াই চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছি। আমেরিকা ফার্স্ট।’

সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালনকালে হারমোনিকে ‘মাগা’ আন্দোলনের এক বিশ্বস্ত কণ্ঠস্বর হিসেবে অভিহিত করেন হোয়াইট হাউসের প্রিন্সিপাল ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যানা কেলি।

সংবাদমাধ্যম টিএমজেডকে কেলি বলেন, ‘সহকারী প্রেস সেক্রেটারি হিসেবে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের দলে এক চমৎকার সংযোজন। তাকে আমাদের দলে স্বাগত জানানোর অপেক্ষায় আছি!’

কে এই বেনি রে হারমোনি

সাবেক সাংবাদিক বেনি রে হারমোনি রিয়েল আমেরিকাস ভয়েসের প্রধান হোয়াইট হাউস সংবাদদাতা হিসেবে কাজ করেছেন। তিনি ইলিনয়ের স্প্রিংফিল্ডে সংবাদ উপস্থাপকের চাকরি ছাড়ার পর ২০২৫ সালের সেপ্টেম্বরে ওই প্রতিষ্ঠানে যোগ দেন। স্প্রিংফিল্ডে থাকাকালে চার্লি কার্কের মৃত্যুর পর অন-এয়ারে আবেগঘন শ্রদ্ধাঞ্জলি জানানোয় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, চার্লি কার্কের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা ভিডিওটি মুছে ফেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি। সেটি প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় তিনি পদত্যাগ করেন।

কর্মক্ষেত্রে কী ঘটেছিল তার বর্ণনা দিতে গিয়ে হারমোনি বলেন, ‘আমি বলেছিলাম, আমি এখানে আর থাকব না। আমি বললাম, আমি পদত্যাগ করছি এবং চুপ থাকতে রাজি নই। আমি এটা মানতে নারাজ যে, আমি এমন একজন ব্যক্তি সম্পর্কে কথা বলতে পারব না, যার প্রতি আমার শ্রদ্ধা বা গুরুত্ব রয়েছে।’

হারমনি এর আগে ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত ‘টার্নিং পয়েন্ট ইউএসএতে’ কাজ করেছেন। ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, এটি একটি রক্ষণশীল প্রচার সংগঠন, যা চার্লি কার্ক মাত্র ১৮ বছর বয়সে প্রতিষ্ঠা করেছিলেন।

ক্যারোলিন লেভিট এখন কোথায়

হোয়াইট হাউসের সুপরিচিত ও জনপ্রিয় মুখ ক্যারোলিন লেভিট পরিবারের সঙ্গে সময় কাটাতে গত আগস্টে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়ান। তিনিই ছিলেন এই পদে আসীন হওয়া সর্বকনিষ্ঠ ব্যক্তি। প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে তিনি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিলেন।

ডোনাল্ড ট্রাম্প এক পোস্টে তার সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করে বলেছিলেন, এটি এমন এক সিদ্ধান্ত, যা আমি পুরোপুরি বুঝি এবং সম্মান করি। তিনি আরও যোগ করেন, ক্যারোলিন এখন আমার অন্যতম শীর্ষস্থানীয় বাহ্যিক উপদেষ্টা। তিনি রিপাবলিকান পার্টির মধ্যে একজন প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবে কাজ করবেন। সূত্র: এনডিটিভি
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি