টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে উত্তেজনা, থানায় আগুন
বাংলাপ্রেস ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার অডিটরিয়াম এলাকায় ঘটনার সূত্রপাত হয়। পরে সংঘর্ষ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে থানা এবং পাটগাতী এলাকায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ৯টা) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব চলছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর টুঙ্গিপাড়া উপজেলা অডিটরিয়ামের সামনে চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় কয়েকজনকে আটক করার পাশাপাশি কয়েকটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় মাইকিং করা হয়।
মাইকিং শুনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টুঙ্গিপাড়ার দিকে রওনা হন। একপর্যায়ে তারা অডিটরিয়ামের সামনে জড়ো হলে পুলিশের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে। এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করা হলেও আহতদের সংখ্যা ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রের দাবি, একপর্যায়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে পিছু হটেন। এরপর বিক্ষোভকারীরা টুঙ্গিপাড়া থানার দিকে অগ্রসর হয়ে সেটি ঘেরাও করেন। এ সময় কয়েক দফায় পুলিশ গুলি ছোড়ে বলে অভিযোগ রয়েছে। পরে বিক্ষোভকারীরা থানায় ঢুকে আগে আটক ব্যক্তিদের বের করে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে।
এরপর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
থানায় অগ্নিসংযোগের পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলার পাটগাতী গ্রামের দিকে যান। সেখানে এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। বাড়িটির ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ওসি ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
হোটেল মোটেল ও রিসোর্ট লাইসেন্স বিহীন পরিচালনা সম্পূর্ণ নিষিদ্ধ; পুলিশ সুপার
চা-বাগানের ছোট্ট ঘর থেকে বিশ্ববিদ্যালয়ে অন্তরা: হার মানলো ১৮৭ টাকার দারিদ্রতা
সঙ্গীত একাডেমি