ভারতে বাস-ট্রাক সংঘর্ষে আগুন, নিহত ১০
বাংলাপ্রেস ডেস্ক: ভারতের কর্ণাটক রাজ্যের চিত্রদুর্গা জেলায় একটি স্লিপার বাস ও ট্রাকের সংঘর্ষে আগুন লেগে কমপক্ষে ১০ জন যাত্রী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে জাতীয় মহাসড়ক–৪৮ (এনএইচ–৪৮)-এ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বাসটি বেঙ্গালুরু থেকে শিবমোগ্গা যাওয়ার পথে প্রায় ৩০০ কিলোমিটার অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ডিভাইডার টপকে এসে সজোরে ধাক্কা দেয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রাকটি বাসের জ্বালানি ট্যাংকের কাছে আঘাত হানলে ডিজেল ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই বাসটিতে আগুন ধরে যায়। কয়েকজন যাত্রী কোনোভাবে আগুন থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও বাকিরা ভেতরেই আটকা পড়েন।
কর্ণাটক পুলিশের ইন্সপেক্টর জেনারেল রাভিকান্ত গৌড়া জানান, বৃহস্পতিবার ভোরে একটি ট্রাক ডিভাইডার টপকে এসে বাসটিকে আঘাত করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকটি বাসের জ্বালানি ট্যাংকে আঘাত করায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনাকবলিত বাসটি সিবার্ড কোচ কোম্পানির ছিল। এতে চালক ও কন্ডাক্টরসহ মোট ৩২ জন আরোহী ছিলেন। সংঘর্ষের পর বাসটি পুরোপুরি আগুনে পুড়ে যায়।
ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী সচিন বলেন, ‘সিবার্ড বাসটি আমাদের গাড়ি ওভারটেক করেছিল। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা একটি কনটেইনার ট্রাক ডিভাইডার টপকে এসে স্লিপার বাসটির সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষটি হয় বাসের ডিজেল ট্যাংকের কাছেই।’
এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি আর্থিক সহায়তার ঘোষণাও দিয়েছেন।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
২০ বছরের ডাক্তারি ছেড়ে রুটি বিক্রির ব্যবসায়, এখন সুখী সেই নারী
বাংলাদেশসহ আরও ১৯টি দেশের বিশেষায়িত ওষুধের ওপর শুল্ক মওকুফ করল যুক্তরাষ্ট্র।
সঙ্গীত একাডেমি