ভারতে তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ যুবক
বাংলাপ্রেস ডেস্ক: ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে জম্মু-কাশ্মীরের কারাগার থেকে দেশে ফিরেছেন ৬ বাংলাদেশি যুবক। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে তাঁদের দেশে হস্তান্তর করা হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন এই যুবকেরা। পরবর্তীতে জম্মু-কাশ্মীর এলাকায় বসবাসকালে দেশটির পুলিশের হাতে আটক হন তাঁরা। অবৈধ অনুপ্রবেশের দায়ে সেখানকার আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে ৩ থেকে ৫ বছর কারাদণ্ড দেন।
সাজাপ্রাপ্ত হয়ে ভারতের জম্মু-কাশ্মীরের কোট ভালওয়াল কারাগারে বন্দি ছিলেন তাঁরা। পরবর্তীতে বাংলাদেশি কর্তৃপক্ষের আইনি প্রক্রিয়া ও কূটনৈতিক প্রচেষ্টায় ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের দেশে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাঁদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফিরে আসা যুবকেরা হলেন—মোহাম্মদ আলী, জাহাঙ্গীর আলম, আব্দুল করিম, আব্দুল সবুর, মোহাম্মদ সাব্বির ইসলাম ও মোহাম্মদ হাফিজুর রহমান। দেশের বিভিন্ন জেলার (বগুড়া, গাজীপুর, কক্সবাজার ও সুনামগঞ্জ) বাসিন্দা এই যুবকদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর নিজ নিজ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সাইফুর রহমান।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি