ভারতের গঙ্গা নদীতে নৌকা ডুবে নিহত ১৩
বাংলাপ্রেস ডেস্ক: ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাঘোপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন। তারা সবাই একটি ভোজসভায় যোগ দিতে যাচ্ছিলেন। নিহতদের মধ্যে অধিকাংশই শিশু বলে জানা গেছে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে সরকারি কর্মকর্তাদের একটি দল পাঠানো হয়েছে। ত্রাণ ও উদ্ধারকাজ পরিচালনায় জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) দল মোতায়েন করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে স্থানীয় গ্রামবাসীরাও প্রশাসনকে সহযোগিতা করছেন। উদ্ধারকাজ চলছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্রশাসন।
বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য চার লাখ টাকা আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দুর্ঘটনাটিকে হৃদয়বিদারক ও মর্মান্তিক উল্লেখ করে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারপ্রতি দুই লাখ টাকা আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। মোদী বলেন, বৈশালীতে নৌকাডুবির ঘটনায় প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক। এ কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি তার সমবেদনা রয়েছে। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে।
বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব বলেন, রাঘবপুর দিয়ারা এলাকায় নৌকাডুবির খবরটি মর্মান্তিক। ডুবে যাওয়া ব্যক্তিদের মধ্যে অধিকাংশই শিশু। স্থানীয় বাসিন্দা, প্রশাসন ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর তিনি ত্রাণ, উদ্ধার ও চিকিৎসাকাজ দ্রুততর করার নির্দেশ দিয়েছেন।
এদিকে, ভারতের উপ-রাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও সাহস যেন তাঁরা পান। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশাপাশি এখনও নিখোঁজ ব্যক্তিদের জন্যও প্রার্থনা করেছেন।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি