ভারতের জালে বেনিনের ২৭ গোল
বাংলাপ্রেস ডেস্ক: চীনে চলমান অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপে রীতিমতো গোলের বন্যা বইয়ে দিচ্ছে আফ্রিকার দেশ বেনিন। টুর্নামেন্টে 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে ২৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের আধিপত্যের জানান দিয়েছে বেনিনের তরুণ দলটি।
মঙ্গলবার (২০ অক্টোবর) সুজৌর মাঠে শুরু থেকে শেষ পর্যন্ত ভারতের ওপর তাণ্ডব চালায় বেনিনের ফুটবলাররা। ক্ষিপ্র গতি ও আক্রমণাত্মক ফুটবলের সামনে ভারতের ডিফেন্স লাইন পুরোপুরি ভেঙে পড়ে। একের পর এক গোল করে ম্যাচটিকে একতরফা বানিয়ে ফেলা এই জয় টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম বড় ব্যবধানের জয় হিসেবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে কাতারকে ৭-০ গোলে হারিয়েছিল বেনিন। ফলে টানা দুই ম্যাচ শেষে তাদের সংগৃহীত গোলসংখ্যা দাঁড়িয়েছে অবিশ্বাস্য ৩৪-এ! এর বিপরীতে নিজেদের রক্ষণভাগ নিটোল রেখে এখন পর্যন্ত একটি গোলও হজম করেনি দলটি। এই টানা দুই জয়ে ৬ পয়েন্ট তুলে নিয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাকি থাকতেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে ‘স্কুল চিটাহস’ খ্যাত বেনিন দল।
গ্রুপের অন্য ম্যাচে চীন ‘টু’ দল কাতারকে ৬-০ ব্যবধানে পরাজিত করেছে। এর আগে স্বাগতিক চীনের এই দলটি নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ১৫-০ ব্যবধানে হারিয়েছিল। ফলে বেনিন ও চীন—উভয় দলেরই পয়েন্ট এখন ৬। তবে সেভেরিন দানহার শিষ্যদের গোল ব্যবধান (+৩৪) চীনের (+২১) চেয়ে বেশ ভালো অবস্থানে রয়েছে।
গ্রুপের তলানিতে থাকা কাতার ও ভারতের সংগ্রহ এখনো শূন্য। যেহেতু গ্রুপ থেকে শীর্ষ দুটি দল শেষ ষোলোতে খেলার যোগ্যতা অর্জন করবে, সেহেতু বেনিন ইতিমধ্যেই নকআউট পর্বের আসন পাকা করে ফেলেছে।
আজ বুধবার (২১ অক্টোবর) সুঝোতে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে চীন ‘টু’-এর মুখোমুখি হবে বেনিন। গোল ব্যবধানে বেশ কিছুটা এগিয়ে থাকায় এই ম্যাচে ড্র করলেই গ্রুপ শীর্ষস্থান ধরে রাখতে পারবে বেনিন, অন্যদিকে চীনকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে জয়ের বিকল্প নেই।
টানা তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বেনিন। ২০২৩ সালে পঞ্চম এবং ২০২৪ সালে ১৯তম স্থান অর্জন করার পর, এবার শিরোপার লড়াইয়ে নকআউট পর্বে নামার আগে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে সেভেরিন দানহার শিষ্যরা।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি