২০ অক্টোবর ২০২৬

এশিয়ান গেমসে বিশ্বরেকর্ড গড়লেন শীতল দেবী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৩:০০ পিএম
এশিয়ান গেমসে বিশ্বরেকর্ড গড়লেন শীতল দেবী

বাংলাপ্রেস ডেস্ক:  এশিয়ান প্যারা গেমসে বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় আর্চার শীতল দেবী। নারীদের কম্পাউন্ড আর্চারির যোগ্যতা অর্জন পর্বে ৭২০-এর মধ্যে ৭০৪ পয়েন্ট স্কোর করে বিশ্বরেকর্ড স্পর্শ করলেন তিনি।

শীতল দেবীর সঙ্গে দুর্দান্ত পারফরম্যান্স করেন পায়েল নাগেরও। দুই জন মিলে ১,৩৭৯ পয়েন্ট সংগ্রহ করে দলগত বিভাগে শীর্ষস্থান দখল করেছে ভারত। ১,৩৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চিন। যোগ্যতা অর্জন পর্বে শীর্ষস্থান পাওয়ায় সরাসরি সেমিফাইনালে খেলার সুযোগ পেয়েছে ভারত।

শেষ চারে ওঠার লড়াইয়ে পঞ্চম বাছাই থাইল্যান্ড ও চতুর্থ বাছাই কাজাখস্তানের মধ্যে কোয়ার্টার ফাইনালের বিজয়ী দলের মুখোমুখি হবে ভারতীয় জুটি। সেই ম্যাচ জিতলেই পদকের লড়াইয়ে পৌঁছে যাবে তারা।

শীতলের বিশ্বরেকর্ড স্পর্শ এবং পায়েলের দুরন্ত অভিষেক, দুইয়ের সম্মিলিত সাফল্যে নাগোয়ায় আর্চারি প্রতিযোগিতার শুরুতেই নিজেদের শক্তির পরিচয় দিল ভারত।  

জম্মু ও কাশ্মীরের শীতল ৭২টি শটের মধ্যে ৫৭টিতে নিখুঁত ১০ পয়েন্ট অর্জন করেন। এর মধ্যে ৩২টি ‘এক্স’ মারেন। এর আগে তার এশীয় রেকর্ড ছিল ৬৯৮ পয়েন্ট। এক ধাক্কায় ছয় পয়েন্ট বাড়িয়ে সেই নজির ভেঙে দিলেন তিনি।

এর আগে ২০২৪ সালের প্যারিস প্যারালিম্পিক্সে তুরস্কের ওজনুর গির্দি ৭০৪ পয়েন্ট স্কোর করে যে বিশ্বরেকর্ড গড়েছিলেন, এ দিন সেই নজিরই স্পর্শ করেন শীতল।

প্যারিস প্যারালিম্পিক্সের ব্রোঞ্জজয়ী শীতল ২০২৩ সালের হাংঝৌ এশিয়ান প্যারা গেমসে ৬৮০ পয়েন্ট স্কোর করে এশিয়ান প্যারা গেমসের রেকর্ড গড়েছিলেন। সেবার ব্যক্তিগত ও মিক্সড টিম বিভাগে সোনা এবং ডাবলসে রুপো জিতেছিলেন তিনি। চলতি বছরের মার্চে নিজের এশীয় রেকর্ড বাড়িয়ে ৬৯৮ পয়েন্টে নিয়ে গিয়েছিলেন শীতল। নাগোয়ায় আরও এক ধাপ এগিয়ে বিশ্বরেকর্ড স্পর্শ করলেন তিনি।
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি