ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বইয়ের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বইয়ের কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে শিক্ষার্থীদের বেশি বেশি বই পড়তে উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন।
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে বিশ্বসাহিত্য কেন্দ্র ও বিকাশের যৌথ উদ্যোগে পরিচালিত ‘বইপড়া কর্মসূচির ১২ বছর’ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আজকের ভবিষ্যৎ প্রজন্মই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে। তাই তাদেরকে যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে ভালো বই পড়ার ওপর জোর দিতে হবে।’
শিক্ষাব্যবস্থাকে আরও আনন্দময় ও সৃজনশীল করে তুলতে সরকারের নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, সরকার খেলাধুলা, সংস্কৃতি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং আনন্দময় শিক্ষাদানের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। সরকারের এসব উদ্যোগ কোমলমতি শিক্ষার্থীদের আগামী দিনের জন্য প্রস্তুত করবে।
কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের সিএসআর কার্যক্রম সমাজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। আলোকিত ও সৃজনশীল মানুষ তৈরিতে রাষ্ট্রের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। এ সময় তরুণ সমাজকে মাদক ও ক্ষতিকর মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে ভালো বই পড়ার অভ্যাস গড়ে তোলার প্রতি তাগিদ দেন তিনি।
অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খন্দকার মো. আসাদুজ্জামান এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বক্তব্য দেন। সূত্র: বাসস
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
টেকসই কর্মসংস্থান ও নিরাপদ কর্মপরিবেশ গঠনে সরকার বদ্ধপরিকর: মাহ্দী আমিন
সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী
দুর্যোগকবলিত নেপালকে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা প্রদান করল বাংলাদেশ
সঙ্গীত একাডেমি