৯ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ডেলিভারিম্যানকে গুলি করে হত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১০:০১ পিএম
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ডেলিভারিম্যানকে গুলি করে হত্যা

 

 

বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এক ফুড ডেলিভারি কোম্পানির বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।

নিহত মো. মাহফুজুল হকের বয়স ৪৩ বছর। তিনি অনলাইন ফুড ডেলিভারি কোম্পানি ডোরড্যাশে চাকরি করতেন।


রাজশাহীর ছেলে মাহফুজ স্ত্রী এবং ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়া সিটিতেই থাকতেন। তার স্ত্রী সম্প্রতি চিকিৎসা বিজ্ঞানে গ্র্যাজুয়েশন শেষ করেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে খাবার ডেলিভারির সময় মাহফুজকে গুলি করা হয়। খবর পেয়ে কিসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটের ১০০০ ব্লক থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মাহফুজকে মৃত ঘোষণা করেন।

মিলবোর্ন বরোর মেয়র মাহবুবুল আলম তৈয়ব বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রবাসীরা মনে করছেন। তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।

ঘটনাস্থলের আলামত থেকে প্রাথমিক তদন্তের ভিত্তিতে ফিলাডেলফিয়া পুলিশের চিফ ইন্সপেক্টর স্কট স্মল বলেছেন, খুব কাছে থেকে মাহফুজকে গুলি করে আততায়ী। গুলি মাথার পেছনে লাগে।

যেখানে গুলিবিদ্ধ মাহফুজ পড়ে ছিলেন, পাশেই তার ডেলিভারির গাড়িটি ইঞ্জিন চালু অবস্থায় পাওয়া যায়। কাছেই পড়ে ছিল খাবারের প্যাকেট।

তদন্ত কর্মকর্তাদের ধারণা, মুখোশধারী অন্তত তিনজন এই হত্যাকাণ্ডে অংশ নেয়। এ ব্যাপারে কারো কাছে কোনো তথ্য থাকলে তা ২১৫-৬৮৬-৮৪৭৭ নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

মাহফুজের আত্মীয় স্বজনদের অনেকে কানাডায় থাকেন। বৃহস্পতিবার জানাজা শেষে মাহফুজের লাশ ফিলাডেলফিয়া থেকে কানাডায় পাঠানোর প্রস্তুতি চলছে। সেখানেই তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরিচিতজনরা জানান, স্ত্রী চিকিৎসক হিসেবে পেশাগত জীবন শুরু করলে জীবন-জীবিকার কষ্ট লাঘব হবে বলে আশায় ছিলেন মাহফুজ। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল।

ডোরড্যাশ এক বিবৃতিতে মাহফুজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। তারা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং ঘটনার তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি