২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি
বাংলাপ্রেস ডেস্ক: ২০২৭ সালের পবিত্র রমজান মাস আগামী ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে শুরু হতে পারে। জ্যোতির্বিজ্ঞানের হিসাবের ভিত্তিতে রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে বিভিন্ন গবেষণা সংস্থা। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করায় রমজান শুরুর চূড়ান্ত তারিখে পরিবর্তন হতে পারে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, হিজরি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় গ্রেগরিয়ান ক্যালেন্ডারে প্রতিবছর রমজান প্রায় ১০ থেকে ১২ দিন আগে আসে। সে হিসাবে ২০২৭ সালের রমজান চলতি বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখা যেতে পারে। ওই সন্ধ্যায় চাঁদ দেখা গেলে ৭ ফেব্রুয়ারি রাত থেকেই প্রথম তারাবির নামাজ আদায় শুরু হবে। পরদিন ৮ ফেব্রুয়ারি মুসলমানরা প্রথম রোজা রাখবেন।
সাধারণত রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। মাস শেষ হওয়ার বিষয়টিও নতুন চাঁদ দেখার ওপর নির্ভরশীল। রমজান শেষে শাওয়ালের চাঁদ দেখা গেলে শুরু হয় মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ঈদুল ফিতর ১০ মার্চ, বুধবার হতে পারে। তবে এটিও চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় তারিখ পরিবর্তিত হতে পারে।
জ্যোতির্বিজ্ঞানের মাধ্যমে রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ আগে থেকেই হিসাব করা সম্ভব হলেও ইসলামী রীতি অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় চাঁদ দেখার ভিত্তিতে। তাই ৮ ফেব্রুয়ারি রমজান শুরুর সম্ভাব্য তারিখ হলেও আনুষ্ঠানিক ঘোষণা দেবে সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সন্ত্রাসী হামলায় ৬ নিরাপত্তাকর্মী নিহত, পাল্টা হামলায় ২১ সন্ত্রাসী নিহত
সঙ্গীত একাডেমি