৪ আগস্ট ২০২৬

৫৪৭ মিলিয়ন ডলারের মেডিকেয়ার জালিয়াতির দায়ে খালিদকে গ্রেপ্তার করল এফবিআই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১০:৪৬ পিএম
৫৪৭ মিলিয়ন ডলারের মেডিকেয়ার জালিয়াতির দায়ে খালিদকে গ্রেপ্তার করল এফবিআই

খালিদ সাতারিকে সোমবার মধ্যপ্রাচ্যের একটি দেশ থেকে গ্রেপ্তার করা হয়

ইমা এলিস: মেডিকেয়ার থেকে অর্ধ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড ফ্রডস্টারস’ তালিকায় থাকা এক কুখ্যাত পলাতককে আন্তর্জাতিক অভিযান শেষে গ্রেপ্তার করা হয়েছে।
মার্কিন বিচার বিভাগ মঙ্গলবার জানায়, ৫৪ বছর বয়সি খালিদ সাতারিকে সোমবার মধ্যপ্রাচ্যের একটি দেশ থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ৫৪৭ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ মেডিকেয়ার থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার পরিকল্পনা পরিচালনার অভিযোগ রয়েছে। তিন বছরেরও বেশি সময় ধরে তিনি পলাতক ছিলেন।
অভিযোগপত্র অনুযায়ী, ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে ব্যয়বহুল ও চিকিৎসাগতভাবে অপ্রয়োজনীয় জেনেটিক পরীক্ষার নামে মেডিকেয়ারের কাছে বিল দাখিলের অভিযোগে ২০১৯ সালে লুইজিয়ানার ইস্টার্ন ডিস্ট্রিক্টে সাতারির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
কৌঁসুলিদের দাবি, সাতারি কয়েক ডজন রোগী সংগ্রহকারী, টেলিমার্কেটিং কল সেন্টার এবং টেলিমেডিসিন প্রতিষ্ঠানের সঙ্গে যোগসাজশ করে প্রতারণামূলক বিপণন প্রচার, অবৈধ কমিশন ও ঘুষের মাধ্যমে ক্যানসার-সংক্রান্ত জেনেটিক পরীক্ষার নমুনা সংগ্রহ করতেন। এসব পরীক্ষার প্রতিটির জন্য মেডিকেয়ার থেকে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত পরিশোধ নেওয়া হতো।
সাতারির বিরুদ্ধে মেডিকেয়ারের কাছে মোট ৫৪৭ মিলিয়ন ডলারের বেশি বিল দাখিল এবং চিকিৎসক ও রোগী সংগ্রহকারীদের কয়েক মিলিয়ন ডলার অবৈধ কমিশন ও ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে।
অভিযোগ গঠনের পর তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল। শর্ত ছিল, তিনি আর চিকিৎসা খাতে কাজ করতে পারবেন না।
তবে বিচার বিভাগের অভিযোগ, জামিনে মুক্তির পরও সাতারি টেক্সাসের হিউস্টনভিত্তিক কয়েকটি পরীক্ষাগারের সঙ্গে যোগসাজশ করে ভুয়া জেনেটিক পরীক্ষার দাবি মেডিকেয়ারের কাছে জমা দিতে থাকেন।
২০২২ সালে তাঁর বিরুদ্ধে ফেডারেল গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। কিন্তু আদালতে নির্ধারিত শুনানিতে হাজির না হয়ে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
সোমবার আঞ্চলিক সহযোগী সংস্থাগুলো তাঁকে গ্রেপ্তারের সময় তাঁর কাছে ভুয়া নামে তৈরি একটি জাল মেক্সিকান পাসপোর্ট পায়।
গ্রেপ্তারের পর সাতারিকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়। মঙ্গলবার তিনি ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টের একটি আদালতে হাজির হন।
তাঁর বিরুদ্ধে স্বাস্থ্যসেবা জালিয়াতি ও ওয়্যার ফ্রডের ষড়যন্ত্র, স্বাস্থ্যসেবা জালিয়াতি, যুক্তরাষ্ট্র সরকারকে প্রতারণা এবং অবৈধ স্বাস্থ্যসেবা কমিশন ও ঘুষ প্রদান ও গ্রহণের ষড়যন্ত্র, এবং অর্থপাচারের ষড়যন্ত্রসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।
এফবিআই পরিচালক কাশ প্যাটেল এক বিবৃতিতে বলেন, খালিদ আহমেদ সাতারির গ্রেপ্তার ও তাঁকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা গত পাঁচ সপ্তাহে এফবিআই এবং আমাদের সহযোগীদের হাতে ‘মোস্ট ওয়ান্টেড ফ্রডস্টার’ তালিকার তৃতীয় অভিযুক্তের গ্রেপ্তার। এটি এই নতুন উদ্যোগের ঐতিহাসিক সাফল্যের ধারাবাহিকতা।
তিনি আরও বলেন, ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে ব্যয়বহুল ও চিকিৎসাগতভাবে অপ্রয়োজনীয় জেনেটিক পরীক্ষার নামে ভুয়া বিল, প্রতারণামূলক বিপণন, অবৈধ কমিশন ও ঘুষের মাধ্যমে মেডিকেয়ার থেকে ৫৪৭ মিলিয়ন ডলার চুরির অভিযোগে ২০১৯ সালে সাতারির বিরুদ্ধে মামলা হয়।
প্যাটেল বলেন, তিনি এমন একটি কর্মসূচির অপব্যবহার করেছেন, যা সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষদের সহায়তার জন্য তৈরি হয়েছিল। অথচ তিনি সেটিকে নিজের স্বার্থে ব্যবহার করেছেন। ২০২২ সাল থেকে তিনি পলাতক ছিলেন। কিন্তু বিভিন্ন সংস্থা এবং বিদেশি সহযোগীদের চমৎকার সমন্বয়ের কারণে আমরা তাঁকে ধরতে সক্ষম হয়েছি।
এফবিআই জুনের শুরুতে ‘মোস্ট ওয়ান্টেড ফ্রডস্টারস’ তালিকা চালু করে। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই তালিকা থেকে গ্রেপ্তার হওয়া তৃতীয় ব্যক্তি সাতারি।
ওয়্যার ফ্রড ও অর্থপাচারের ষড়যন্ত্রের অভিযোগে সাতারির সর্বোচ্চ ২০ বছর কারাদণ্ড হতে পারে। স্বাস্থ্যসেবা জালিয়াতি ও স্বাস্থ্যসেবা জালিয়াতির ষড়যন্ত্রের অভিযোগে সর্বোচ্চ ১০ বছর এবং যুক্তরাষ্ট্র সরকারকে প্রতারণা ও অবৈধ কমিশন আদান-প্রদানের ষড়যন্ত্রের অভিযোগে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড হতে পারে।

* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি