আবারও এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানি
সংগৃহীত ছবি
বাংলাপ্রেস ডেস্ক: ভারতের প্রখ্যাত শিল্পপতি ও আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির খেতাব ফিরে পেয়েছেন। মার্কিন সাময়িকী ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নেয়ার্স তালিকার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।
আদানি গ্রুপের তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ায় তার মোট সম্পদের পরিমাণে ব্যাপক বৃদ্ধি ঘটেছে।
ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (৫ জুন) আদানি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম বাড়ায় একদিনেই গৌতম আদানির সম্পদ প্রায় ২৫০ কোটি (২.৫ বিলিয়ন) ডলার বৃদ্ধি পায়। এর ফলে তার মোট সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৯২০ কোটি (৮৯.২ বিলিয়ন) ডলারে। এর মাধ্যমে তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি (৮ হাজার ৮০০ কোটি ডলার) এবং সফটব্যাংকের প্রতিষ্ঠাতা মাসায়োশি সনকে (৮ হাজার ৭০০ কোটি ডলার) পেছনে ফেলে এশিয়ার শীর্ষস্থান পুনরুদ্ধার করেন।
আদানি গ্রুপের বেশ কয়েকটি কোম্পানির শেয়ারের দাম বাড়ার কারণেই আদানির এই সম্পদ বৃদ্ধি। ফোর্বস জানিয়েছে, এই তালিকায় রয়েছে আদানি পাওয়ার, আদানি পোর্টস, আদানি এন্টারপ্রাইজেস, আদানি গ্রিন এনার্জি ও আদানি এনার্জি সলিউশনস। এর মধ্যে আদানি গ্রিন এনার্জির শেয়ারের দাম ৬.৯ শতাংশ এবং আদানি এনার্জি সলিউশনসের শেয়ারের দাম ৩.৮ শতাংশ বেড়েছে। শুক্রবার পর্যন্ত আদানি গ্রুপের প্রধান ছয়টি কোম্পানির সম্মিলিত বাজার মূল্য ছিল প্রায় ১৯ হাজার ১০০ কোটি (১৯১ বিলিয়ন) ডলার।
আদানির এই শীর্ষস্থানে ফিরে আসা গ্রুপটির জন্য একটি বড় ধরনের ঘুরে দাঁড়ানো বা প্রত্যাবর্তন। মার্কিন বিচার বিভাগ আদানি গ্রুপের বিরুদ্ধে আনা জালিয়াতির অভিযোগ খারিজ করে দেওয়ার পর থেকেই মূলত ভাগ্য ফেরে এই ধনকুবেরের। অভিযোগ খারিজের পর গত এক মাসেই তার সম্পদের পরিমাণ প্রায় ১ হাজার কোটি (১০ বিলিয়ন) ডলার বেড়েছে। অবশ্য শুরু থেকেই গৌতম আদানি এবং তার প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা এই জালিয়াতির অভিযোগ অস্বীকার করে আসছিলেন। সূত্র: কালের কণ্ঠ
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
৪৮০০ জনকে ওপারে পাঠানো হয়েছে, অপেক্ষায় আরও ৮৩৬: শুভেন্দু অধিকারী
সঙ্গীত একাডেমি