আফগানিস্তানকে ১১৯ রানে থামাতে পারলেই ফাইনালে বাংলাদেশ
বাংলাপ্রেস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার আশা এখন কঠিন সমীকরণে আটকে গেছে বাংলাদেশের। ব্যাটিংয়ে ব্যর্থ হয়ে আফগানিস্তানের বিপক্ষে মাত্র ১৬০ রানে অলআউট হয় তাওহীদ হৃদয়রা। ফাইনালে যেতে হলে এখন বল হাতে অবিশ্বাস্য কিছু করতে হবে শান্তদের। জিম্বাবুয়েকে টপকে ফাইনালে উঠতে আফগানিস্তানকে অলআউট করতে হবে ১১৯ রানের মধ্যে।
শারজায় টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েও বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। শুরুতেই ২৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দল। পঞ্চম উইকেটে পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসান ৯৩ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। সাইফ ৪১ রানে ফিরলেও ইমন করেন ৯৬ বলে ৭০ রান। তবে শেষ দিকে রশিদ খানের ঘূর্ণিতে দ্রুত উইকেট হারিয়ে ১৬০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। রশিদ নেন চার উইকেট।
আফগানিস্তান যদি ১২০ বা তার বেশি রান করে, তাহলে ফাইনালে খেলবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। আর আফগানদের ১১৯ রানের মধ্যে অলআউট করতে পারলে ফাইনালের টিকিট পাবে বাংলাদেশ, প্রতিপক্ষ হবে আফগানিস্তান।
অর্থাৎ, শুধু আফগানিস্তানকে কম রানে আটকে রাখলেই হবে না, ১১৯ রানের মধ্যে তাদের সব উইকেট তুলে নিতে হবে বাংলাদেশকে। ব্যাটিংয়ে হতাশার পর এখন বোলারদের দিকেই তাকিয়ে বাংলাদেশের সমর্থকেরা।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি