আইসিই কর্মকর্তাসহ তার পরিবারকে হত্যার হুমকির অভিযোগে নিউ ইয়র্কের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা
ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)
মিনারা হেলেন: নিউ ইয়র্কের ব্রুকলিনের এক ব্যক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর একজন কর্মকর্তাকে এবং তার পরিবারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ফেডারেল মামলা করা হয়েছে।
আদালতের নথি অনুযায়ী, নিউইয়র্কের ব্রুকলিনের বাসিন্দা ২৭ বছর বয়সী নিকোলাস ম্যাথিউ স্কেলফোকে ফেডারেল কর্মকর্তাকে ভয়ভীতি প্রদর্শন, বাধা প্রদান এবং প্রতিশোধমূলক হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নিউ জার্সির নিউয়ার্ক ফেডারেল আদালতে হাজির করা হয়।
ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ বলেন, ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিদিন ঝুঁকি নিয়ে কাজ করেন। তারা যেন হুমকি ও পরিবারের নিরাপত্তা নিয়ে আতঙ্ক ছাড়াই দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করা জরুরি।
এফবিআই পরিচালক কাশ প্যাটেল বলেন, অভিযুক্ত ব্যক্তি একজন ফেডারেল কর্মকর্তাকে এবং তার পরিবারকে সহিংসতার হুমকি দিয়েছিলেন। তিনি জানান, মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যেই তাকে শনাক্ত করা হয়।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ে আইসিই কর্মকর্তাদের বিরুদ্ধে মৃত্যুর হুমকি উল্লেখযোগ্য হারে বেড়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মামলার নথি অনুযায়ী, গত ২৭ মে নিউয়ার্কের একটি আইসিই আটককেন্দ্রের বাইরে অনুষ্ঠিত এক বিক্ষোভে স্কেলফো একজন আইসিই কর্মকর্তাকে লক্ষ্য করে তার পরিবারকে হত্যার হুমকি দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও এবং অন্যান্য প্রমাণে দেখা যায়, তিনি ওই কর্মকর্তাকে উদ্দেশ করে অশালীন ভাষায় তার স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন।
গ্রেপ্তারের পর আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে স্কেলফো স্বীকার করেন যে তিনি বিক্ষোভে একজন কর্মকর্তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়েছিলেন। পরে তিনি গণমাধ্যমে নিজের সেই ভিডিওও দেখেছেন বলে জানান।
অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ২ লাখ ৫০ হাজার ডলার জরিমানা হতে পারে।
এফবিআই, জয়েন্ট টেররিজম টাস্ক ফোর্স, হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস (এইচএসআই) এবং নিউ ইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) যৌথভাবে মামলাটির তদন্ত করছে।
মামলাটি পরিচালনা করছেন নিউ জার্সি জেলার সহকারী মার্কিন অ্যাটর্নিরা ক্যামিলা এ. গার্সেস এবং কেসি এস. স্মিথ।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নিউ ইয়র্কের পাতাল ট্রেন স্টেশনের বাইরে গুলিতে দুই ব্যক্তি নিহত
সঙ্গীত একাডেমি