রিপাবলিকানদের জন্য নতুন সুযোগ
আলাবামায় দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ কৃষ্ণাঙ্গ কংগ্রেসনাল জেলা বাতিলের পথে সুপ্রিম কোর্ট
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট
আবু সাবেত: যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মঙ্গলবার এমন একটি সিদ্ধান্ত দিয়েছে, যার ফলে আলাবামা অঙ্গরাজ্যের রিপাবলিকানরা মধ্যবর্তী নির্বাচনে (মিডটার্ম) দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ কৃষ্ণাঙ্গ কংগ্রেসনাল জেলা বাতিল করে নতুন নির্বাচনী মানচিত্র ব্যবহার করতে পারবে। ধারণা করা হচ্ছে, ৬-৩ ভোটে আদালত এ সিদ্ধান্ত নিয়েছে।
আলাবামা কর্তৃপক্ষ নিম্ন আদালতের সমালোচনা করে বলেছিল, সুপ্রিম কোর্ট সম্প্রতি ভোটাধিকার আইন-এর ব্যাখ্যা সীমিত করার পরও নিম্ন আদালত তাদের নতুন মানচিত্র আটকে রেখেছে।
জরুরি আদেশে সুপ্রিম কোর্ট রিপাবলিকানদের পক্ষে অবস্থান নেয়, যদিও কৃষ্ণাঙ্গ ভোটার ও অন্যান্য আবেদনকারীরা দাবি করেছিলেন যে মানচিত্রটি বৈষম্যমূলক এবং নির্বাচনের এত কাছাকাছি সময়ে পরিবর্তন করা উচিত নয়।
আদালতের স্বাক্ষরবিহীন আদেশে বলা হয়, “ফেডারেল আদালত সাধারণত নির্বাচনের কাছাকাছি সময়ে পরিবর্তন চাপিয়ে দেওয়া থেকে বিরত থাকে। তবে কোনো অঙ্গরাজ্য চাইলে শেষ মুহূর্তে নির্বাচন-সংক্রান্ত পরিবর্তন তাদের স্বার্থে কি না, সে সিদ্ধান্ত নিজেরাই নিতে পারে।”
সুপ্রিম কোর্টের তিন উদারপন্থী বিচারপতি প্রকাশ্যে ভিন্নমত পোষণ করেন।
বিচারপতি সোনিয়া সোটোমায়ার, যার সঙ্গে বিচারপতি এলেনা কাগান এবং কেতানজি ব্রাউন জ্যাকসন একমত হন, লিখেছেন, “আলাবামা যেমন জাতিগত বৈষম্যের অবস্থান থেকে সরে আসেনি, আদালতও তেমনি বিশৃঙ্খলাকে আরও বাড়িয়ে দিল।”
তিনি আরও বলেন, “আইনের শাসন এবং আলাবামার সব নাগরিকের সমানভাবে গণতন্ত্রে অংশগ্রহণের অধিকার রক্ষার স্বার্থে আমি শ্রদ্ধার সঙ্গে ভিন্নমত পোষণ করছি।”
সিদ্ধান্তটির ফলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণের লড়াইয়ে প্রভাব পড়তে পারে। একই সঙ্গে সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘু নির্বাচনী জেলা নিয়ে ভবিষ্যৎ মামলাগুলোর দিকনির্দেশনাও বদলে যেতে পারে।
এই সিদ্ধান্তের সমালোচনা করেছে নাগরিক অধিকার সংগঠনগুলো। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন-এর ভোটাধিকার প্রকল্পের উপপরিচালক ডেভিন রোজবরো বলেন, “জাতিগতভাবে বৈষম্যমূলক মানচিত্র ব্যবহারের অনুমতি দিয়ে আদালত সংবিধান ও ভোটাধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক অবস্থান নিয়েছে।”
একই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ কালারড পিপল। সংগঠনটির আইন উপদেষ্টা ক্রিস্টেন ক্লার্ক বলেন, “সুপ্রিম কোর্ট আবারও আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে।”
আলাবামা দীর্ঘদিন ধরেই ভোটাধিকার আইন ও নির্বাচনী সীমানা নির্ধারণে জাতিগত বিবেচনার প্রশ্নে আইনি লড়াইয়ের কেন্দ্রবিন্দু। ২০২৩ সালে সুপ্রিম কোর্ট রাজ্যের এমন একটি কংগ্রেসনাল মানচিত্র বাতিল করেছিল, যেখানে মাত্র একটি সংখ্যাগরিষ্ঠ কৃষ্ণাঙ্গ জেলা ছিল।
পরে আদালতের নির্দেশে দ্বিতীয় একটি সংখ্যাগরিষ্ঠ কৃষ্ণাঙ্গ জেলা তৈরি করা হয়, যা বর্তমানে ডেমোক্র্যাট সদস্য শোমারি ফিগারস প্রতিনিধিত্ব করছেন।
রিপাবলিকানরা এখন সেই পুরোনো মানচিত্রে ফিরে যেতে চাইছে, যেখানে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ কৃষ্ণাঙ্গ জেলা স্পষ্টভাবে ছিল না। তাদের দাবি, লুইজিয়ানার একটি মামলায় সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের পর তারা তা করার অধিকার পেয়েছে।
তবে নিম্ন আদালত বলেছিল, নতুন প্রস্তাবিত মানচিত্র এখনও কৃষ্ণাঙ্গ ভোটারদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বৈষম্য সৃষ্টি করে এবং তাই তা সংবিধানবিরোধী।
এই বিরোধের ফলাফল শুধু আলাবামার জন্য নয়, বরং দক্ষিণাঞ্চলের অন্যান্য অঙ্গরাজ্যেও সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘু জেলা পুনর্গঠনের ভবিষ্যৎ আইনি লড়াইয়ে গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হবে।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম মুসলিম প্রার্থী আনাস কা-জিবের ঘোষণা
গভীর রাতে শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইতালি: রিখটার স্কেলে মাত্রা ৬.২
সঙ্গীত একাডেমি