আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম, বৃদ্ধি ৩ ডলারের বেশি
বাংলাপ্রেস ডেস্ক: সৌদি আরবে নতুন হামলা এবং হরমুজ প্রণালিতে একটি জাহাজে হামলার খবরের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৩ ডলারের বেশি বেড়েছে। এতে জ্বালানি তেল নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিচ্ছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাজার শুরুর পর বাংলাদেশ সময় ভোর ৫টা নাগাদ ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৬২ ডলার বা ৩ দশমিক ৪৬ শতাংশ বেড়ে যায়। এতে ব্যারেলপ্রতি ১০৮ দশমিক ২৩ ডলারে ওঠে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ১৫ ডলার বা ৩ দশমিক ১৫ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ২০ ডলারে দাঁড়ায়।
রোববার সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যমে দেশটির দক্ষিণাঞ্চলীয় জাজান প্রদেশে হামলায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও একটি মসজিদের ভিডিও প্রকাশ করা হয়। সৌদি কর্তৃপক্ষের দাবি, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে। হুথিরা পাশের একটি প্রদেশে সৌদি সামরিক ঘাঁটিতে হামলার দাবিও করেছে।
এদিকে হরমুজ প্রণালিতে একটি জাহাজে প্রজেক্টাইল আঘাত হানার পর আগুন ধরে যায়। ব্রিটিশ নৌবাহিনী-সংশ্লিষ্ট সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, আগুন লাগার পর জাহাজটির ক্রুদের সরিয়ে নেওয়া হয়।
ইরান জানিয়েছে, দেশটির উপকূলের কাছে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত ও চারজন ক্রু আহত হয়েছেন।
তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন বন্ধ থাকা। গত সপ্তাহে ইরাক থেকে চালানো একটি ড্রোন হামলার পর পাইপলাইনটি বন্ধ করে দেওয়া হয়। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবের সরবরাহব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বাজারে এর সরাসরি প্রভাব পড়ছে।
বাজার বিশ্লেষক টনি সাইকামোর সতর্ক করে বলেছেন, ওমানে চলতি সপ্তাহের আলোচনায় কার্যকর কোনো সমাধান না এলে অথবা ইস্ট-ওয়েস্ট পাইপলাইন দ্রুত চালু না হলে তেলের দাম আরও বাড়তে পারে। সে ক্ষেত্রে ব্রেন্টের দাম মার্চের শুরুতে দেখা ১১৯ দশমিক ৪৮ ডলারের সর্বোচ্চ পর্যায়ের দিকে এগোতে পারে।
তবে হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনা কমানোর উদ্যোগও ধাক্কা খেয়েছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি রোববার জানিয়েছেন, সোমবার ওমানে উপসাগরীয় দেশগুলো ও ইরানের মধ্যে নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
পশ্চিমবঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ, ১০০টিকে কারণ দর্শানোর নোটিশ
যুক্তরাষ্ট্রে কি মাত্র ১৪ দিনের তেলের মজুত? কতটা সত্য এই দাবি
সঙ্গীত একাডেমি