আটলান্টায় প্রকৌশলী শাকিবের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত, মৃত্যুর কারণ নিশ্চিত
প্রকৌশলী শাকিব আলীর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় শুক্রবার বাংলাদেশি তরুণ প্রকৌশলী শাকিব আলীর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জুমা শাকিবের দ্বিতীয় জানাজায় অংশ নিতে জর্জিয়ার বেথলেহেম মসজিদে প্রবাসী বাংলাদেশিদের ঢল নেমেছিল। জানাজা শেষে একই মসজিদের আওতাধীন কবরস্থানে তাকে দাফন করা হয় বলে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতারা জানিয়েছেন।
দূর-দূরান্ত থেকে প্রবাসীরা ছুটে আসেন অকাল প্রয়াত প্রকৌশলী শাকিব আলীর জানাজায় অংশ নিতে। বৃহস্পতিবার নিহত শাকিবের মরদেহ বিমানে ক্যালিফোর্নিয়া থেকে আটলান্টায় আনা হয়।
আটলান্টায় অনুষ্ঠিত শাকিবের জানাজায় হাজার হাজার মানুষ উপস্থিত হন। বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দ্বিতীয় জানাজায় অংশ নেন। তার অকাল মৃত্যুতে জর্জিয়াসহ গোটা যুক্তরাষ্ট্রের প্রবাসীদের মাঝে নেমে আসে শোকের ছায়া।
বুধবার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের ইসলামিক সেন্টারে প্রথম নামাজে জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত উক্ত নামাজে জানাজায় বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মৃত্যুর কারণ নিশ্চিত
শাকিবের মৃত্যু নিয়ে অনেকের মনেই প্রশ্ন জেগেছে এত তরণ বয়েসে কীভাবে তার মৃত্যু হলো। অবশেষে জানা গেল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শাকিবের মৃত্যু ঘটেছে। চিকিৎসক মৃত্যুসনদে হার্ট অ্যাটাকের কথা উল্লেখ করেছেন বলে একটি নির্ভরযোগ্য সুত্র জানিয়েছে।
শাকিবের জন্ম ও বেড়ে ওঠা জর্জিয়াতেই। বাবা বাংলাদেশি জনগোষ্ঠীতে পরিচিতমুখ, শিশুরোগ বিশেষজ্ঞ রাজনীতিবিদ ডা. মোহম্মদ আলী মানিক ও মা কমিউনিটি সংগঠক শাকিরা আলী বাচ্চি। বিখ্যাত জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে শাকিবের পড়শোনা করেছেন।
চাকুরির সুবাদে মাত্র ৬ মাস আগে ক্যালিফোর্নিয়ার মেরিনা ডেল-রে' তে পাড়ি জমান। সেখানে অ্যামাজন মিউজিকে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন শাকিব। সে তার অ্যাপার্টমেন্টে একাই থাকত বলে জানা গেছে।
আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি তরুণ প্রকৌশলীর মৃতদেহ উদ্ধার
ছেলের সঙ্গে প্রায় প্রতিদিনই যোগাযোগ হতো ডা.মানিক ও তার স্ত্রী শাকিরা আলী বাচ্চির। গত ৩/৪ দিন ধরে ছেলেকে ফোন করে তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। এতে তাদের মনে নানা সন্দেহ দেখা দেয়। সোমবার সকালে ক্যালিফোর্নিয়ার মেরিনা ডেল রে-এর ছেলের অ্যাপার্টমেন্টে গিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। উদ্ধারকারী দল ও চিকিৎসকেরা ধারণা করছেন যে, প্রায় ৪/৫ দিন আগেই হার্ট অ্যাটাকে শাকিবের মৃত্যু ঘটেছে।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি