২৮ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ সরকারের সময় আর্থিক প্রতিষ্ঠান ছিল ‘দুর্নীতির দুষ্টচক্রের হাতে’: রাষ্ট্রপতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৫ এএম
আওয়ামী লীগ সরকারের সময় আর্থিক প্রতিষ্ঠান ছিল ‘দুর্নীতির দুষ্টচক্রের হাতে’: রাষ্ট্রপতি


বাংলাপ্রসে ডেস্ক: আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময় দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ‘দুর্নীতির দুষ্টচক্রের হাতে ঠেলে দেওয়া হয়েছিল’ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৮ নভেম্বর) সকালে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) আন্তর্জাতিক সম্মেলনে রাষ্ট্রপতি এ মন্তব্য করেন।
তিনি বলেন, গত ১৫ বছরের বেশি সময় ধরে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল ও ধ্বংস করা হয়েছিল। এ ছাড়া স্বৈরাচারী শাসনামলে অর্থনীতিকে দুর্নীতির এক দুষ্টচক্রের হাতে ঠেলে দেওয়া হয়েছিল। ২০২৪ সালের বাংলাদেশের অর্থনীতির শ্বেতপত্র অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বছরে গড়ে পাচার হয়েছে প্রায় ১৬ বিলিয়ন ডলার, যা জিডিপির প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।

রাষ্ট্রপতি বলেন, ২০২৬ সালের জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকা, যা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ। প্রকৃত আর্থিক সংকট চিহ্নিত করতে ঋণ শ্রেণিকরণে স্বচ্ছতা জরুরি। অর্থপাচার প্রতিরোধ, ব্যাংকিং জালিয়াতি ঠেকানো এবং আইনসম্মত উপায়ে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকার পদক্ষেপ নিচ্ছে।

দেশের আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, পুঁজিবাজার শক্তিশালী করা এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আন্তর্জাতিক মানের নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, সরকারি খাতে জবাবদিহি, স্বচ্ছতা ও সুশাসন আরও জোরদার করতে হবে। সরকারি ব্যয় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের স্বচ্ছ হিসাব নিশ্চিত করা জরুরি।

ঢাকার র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের বলরুমে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এ সম্মেলন আয়োজন হয়। সম্মেলনের প্রতিপাদ্য ছিল, ‘সামষ্টিক-রাজস্ব স্থিতিশীলতা সুরক্ষা ও বিনিয়োগকারীদের আস্থা গড়ে তোলা’।

অনুষ্ঠানে ‘সাফা উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৬’ বিতরণ করেন রাষ্ট্রপতি। এবার সম্মাননা পেয়েছেন আখতার সানজিদা কাশেম। অনুষ্ঠানের আয়োজকরা রাষ্ট্রপতির হাতে একটি সম্মাননা স্মারক তুলে দেন।

রাষ্ট্রপতি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক আস্থা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার স্বপ্ন দেখেছিলেন। ১৯৯১ সালে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঢাকায় সাফা সম্মেলনের উদ্বোধনের মাধ্যমে সেই আঞ্চলিক সহযোগিতার ঐতিহ্যকে আরও শক্তিশালী করেন।

আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠায় পারস্পরিক আস্থা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান ও উদ্যোগের কথাও স্মরণ করেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধার, পুঁজিবাজার শক্তিশালী করা ও মানসম্মত বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করতে বাংলাদেশের আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন প্রয়োজন। বিনিয়োগকারীদের সঠিক তথ্য পাওয়ার সুযোগ ও একটি পূর্বানুমানযোগ্য নিয়ন্ত্রক পরিবেশ নিশ্চিত করতে হবে।

রাষ্ট্রপতি বলেন, একটি শক্তিশালী আর্থিক ব্যবস্থার ভিত্তি হচ্ছে আস্থা। আমানতকারীরা ব্যাংকে তাদের সঞ্চয় জমা রাখেন, বিনিয়োগকারীরা নিরীক্ষিত আর্থিক বিবরণের ওপর নির্ভর করেন। আর নাগরিকরা আশা করেন, সরকারি প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ সুরক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

রাষ্ট্রপতি বলেন, অর্থনীতিকে সুরক্ষিত রাখা সবার সম্মিলিত দায়িত্ব, এটি শুধু নিরীক্ষকদের কাজ নয়। হিসাববিদ, কর ও রাজস্ব কর্মকর্তা, সরকারি ক্রয় কার্যক্রমের প্রশাসক, প্রকল্প প্রকৌশলী ও নীতিনির্ধারক— সবারই সরকারি সম্পদ রক্ষায় ভূমিকা রয়েছে।

এ সময় নীতিনির্ধারণী পর্যায়ে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

সাফার সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির, অর্থ সচিব মো. খায়রুজ্জামান মজুমদার, আইসিএবির সভাপতি সাব্বির আহমেদ ও মেটলাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা এম আলাউদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।
বিপি/কেজে

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি