মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকলে নীতি সুদহার কমাতে পারে বাংলাদেশ ব্যাংক: গভর্নর
বাংলাপ্রেস ডেস্ক:মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকলে বাংলাদেশ ব্যাংক নীতি সুদহার আরও কমাতে পারে বলে জানিয়েছেন গভর্নর মো. মোস্তাকুর রহমান।
নীতি সুদহার কমলে বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়ার খরচ কমে। এর ফলে ব্যাংকগুলোও ব্যবসায়ীদের তুলনামূলক কম সুদে ঋণ দিতে পারে। অর্থাৎ, ব্যবসায়ীদের ঋণ পাওয়ার খরচ কমিয়ে আনাই এখন কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম অগ্রাধিকার।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে লোকাল এলসির (ঋণপত্র) তথ্য আদান-প্রদান আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করার প্ল্যাটফর্ম 'বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট-বার্তা' উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, আমরা অর্থায়নের খরচ কমানোর চেষ্টা করছি। ইতিমধ্যে নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট (শূন্য দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট) কমানো হয়েছে। মূল্যস্ফীতি যেহেতু কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, ভবিষ্যতে এটি আরও কমানোর চিন্তা আমরা করতেই পারি।
মোস্তাকুর রহমান জানান, নতুন 'বার্তা' প্ল্যাটফর্মটি উচ্চমাত্রার সাইবার নিরাপত্তা নিশ্চিত করে তৈরি করা হয়েছে। চালুর আগে এর নিরাপত্তা ও কার্যকারিতা বিভিন্নভাবে পরীক্ষা করা হয়েছে। ব্যবসায়ী ও ব্যাংকারদের প্ল্যাটফর্মটি ব্যবহারের আহ্বান জানান তিনি।
গভর্নর আরও উল্লেখ করেন, ব্যবসার খরচ কমানোর উদ্দেশ্যে 'বার্তা' ছাড়াও বাংলাদেশ ব্যাংক বাংলা কিউআর চালু করেছে, টেলিগ্রাফিক ট্রান্সফারের (টিটি) মাধ্যমে এলসি মূল্য পরিশোধের অনুমতি দিয়েছে, এলসি মার্জিন কমিয়েছে এবং বিভিন্ন প্রণোদনা প্যাকেজ বা স্কিম চালু করেছে। পাশাপাশি অর্থায়নের খরচ (ফাইন্যান্সিং কস্ট) কমিয়ে আনতেও তিনি কাজ করছেন বলে জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
আওয়ামী লীগ সরকারের সময় আর্থিক প্রতিষ্ঠান ছিল ‘দুর্নীতির দুষ্টচক্রের হাতে’: রাষ্ট্রপতি
বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী
দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সঙ্গীত একাডেমি