বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
বাংলাপ্রেস ডেস্ক: ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের বিমান হামলার খবরের পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবার ঊর্ধ্বমুখী হয়েছে। এই হামলায় বিশ্বজুড়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার লেনদেনের শুরুতে ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ব্যারেলে ২০ সেন্ট বা ০.২১ শতাংশ বেড়ে ৯৬.৬৬ ডলারে পৌঁছায়। অন্যদিকে বিশ্বমান সূচক ব্রেন্ট ক্রুডের দাম ৩ সেন্ট বা ০.০৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৪.৮০ ডলারে লেনদেন হয়। এর আগে গত সোমবার ইরানি ও কাতারি কর্মকর্তাদের মধ্যকার আলোচনা থেকে সংঘাত অবসানের আশা তৈরি হলে উভয় বেঞ্চমার্কেই তেলের দাম ৭ শতাংশের বেশি হ্রাস পেয়েছিল।
মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নালের’ এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাতে জানানো হয়, ওয়াশিংটন ইরানের কেশম দ্বীপে এই সামরিক আঘাত হেনেছে। তবে কয়েকজন মার্কিন কর্মকর্তা এই হামলাকে ‘আত্মরক্ষামূলক’ পদক্ষেপ হিসেবে বর্ণনা করে দাবি করেন, হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা চালানোর সক্ষমতা পঙ্গু করতেই এই অভিযান পরিচালিত হয়েছে।
বাজার বিশ্লেষক কেসিএম ট্রেডের প্রধান কেটি ওয়াটারার বলেন, কূটনৈতিক সমাধানের দিকে বাজার যখনই এগোচ্ছিল, ঠিক তখনই এই সামরিক হামলার খবর ব্যবসায়ীদের মধ্যে চাপ তৈরি করেছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত তীব্র হওয়ার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জ্বালানি পরিবহণ আশঙ্কাজনক হারে কমেছে। অথচ বিশ্বের মোট অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়েই পরিবাহিত হয়ে থাকে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক মন্তব্যে নতুন সামরিক হামলা চালিয়ে যাওয়ার বিষয়ে কিছুটা অনিশ্চয়তা প্রকাশ করেন এবং চুক্তি সম্ভব বলে উল্লেখ করেন। পাশাপাশি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি শান্তি আলোচনার জন্য সরকারকে নির্দিষ্ট কিছু ক্ষমতা প্রদান করেছেন।
কূটনৈতিক এই উত্তেজনার মধ্যেই আগামী ১০ ও ১১ নভেম্বর আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন সংঘাত নিরসন ও যুদ্ধপরবর্তী নিরাপত্তা চুক্তির উদ্দেশ্যে মার্কিন মধ্যস্থতায় উভয় দেশের প্রতিনিধি দলের বৈঠকের দিন নির্ধারণ করা হয়েছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি