৩ নভেম্বর ২০২৬

ইউক্রেনে ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলা, নিহত ২৬

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পিএম
ইউক্রেনে ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলা, নিহত ২৬

বাংলাপ্রেস ডেস্ক: ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলে একটি মানবিক সহায়তা কেন্দ্রে দুই দফা হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। হামলাটিকে ‘ভয়াবহ’ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার  (২ নভেম্বর) জাপোরিঝঝিয়ার কোমিশুভাখা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আঞ্চলিক প্রশাসনপ্রধান মিখাইলো সেমিকিনের বরাত দিয়ে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এলাকায় অন্তত নয়টি ভারী বোমা ফেলা হয়। হামলার পর প্রাথমিকভাবে ২৭ জন নিখোঁজ থাকার খবর পাওয়া যায়।

জেলেনস্কির দাবি, স্থানীয় একটি স্কুলে প্রথম দফায় হামলা হয়। স্কুলটি মানবিক সহায়তা বিতরণের কাজে ব্যবহৃত হচ্ছিল। প্রথম হামলার পর সেখানে আশ্রয় নেওয়া লোকজনের ওপর দ্বিতীয় দফায় হামলা চালানো হয় বলেও দাবি করেন তিনি।

হামলার পর ঘটনাস্থলের একটি ভিডিও প্রকাশ করেন জেলেনস্কি। এতে ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীদের তল্লাশি চালাতে দেখা যায়।

হামলার বিষয়ে রাশিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে প্রকাশ্যে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জেলেনস্কি প্রথমে নিহতের সংখ্যা ১৮ জন বলে জানিয়েছিলেন। পরে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ দুই উদ্ধারকর্মী ও চার পুলিশ সদস্যসহ ২৪ জন নিহত হওয়ার তথ্য জানায়। সোমবার রাতে দেওয়া ভিডিও ভাষণে জেলেনস্কি জানান, নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে।

জেলেনস্কি বলেন, কোমিশুভাখায় স্থানীয় বাসিন্দারা প্রতি সপ্তাহে ওই স্থান থেকে মানবিক সহায়তা নিতেন। তার দাবি, বিষয়টি রুশ বাহিনীর অজানা থাকার কথা নয়।

তিনি আরও বলেন, হামলার ঘটনা রাশিয়া উত্তেজনা কমাতে আগ্রহী নয়—এমন বার্তা দিচ্ছে।

এর আগে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতির সময় রুশ-নিয়ন্ত্রিত দক্ষিণাঞ্চলীয় শহর ওলেশকি থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছিল বলে জেলেনস্কি উল্লেখ করেন। তার ভাষ্য, ওই সময় শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে কোমিশুভাখার হামলা তার বিপরীত বার্তা দিচ্ছে।

আঞ্চলিক প্রশাসনপ্রধান সেমিকিন হামলাটিকে গ্রামের জন্য ‘ভয়াবহ বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেছেন। তার দাবি, ধ্বংসস্তূপের নিচে এখনও মানুষ আটকে থাকতে পারেন।

উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। তবে এলাকায় রুশ ড্রোন হামলার কারণে কয়েক দফা উদ্ধার অভিযান বন্ধ রাখতে হয়েছে বলেও জানান তিনি।

হামলার ঘটনায় মঙ্গলবার পুরো জাপোরিঝঝিয়া অঞ্চলে শোক দিবস ঘোষণা করা হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। সূত্র: বিবিসি
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি