বনভোজনের নৌকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু
ছবি: সংগৃহীত
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে নৌকাযোগে বনভোজন থেকে ফেরার পথে বিদ্যুৎস্পর্শে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের চাকলেশ্বর এলাকার একটি বিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইটভাটার শ্রমিক রংপুরের সাজ্জাত হোসেন ও শেরপুরের পাকুরিয়া গ্রামের খুজাউরা গ্রামের হাসমত মিয়ার ছেলে জিকুল মিয়া।
সাজ্জাত প্রতি বছরের নভেম্বর থেকে জুলাই মাস পর্যন্ত ইটভাটায় কাজ করেন। তিনি বর্তমানে বাসের শ্রমিক। জিকুল মিয়া বিডি ফুড কোম্পানিতে কর্মরত আছেন। তারা জয়দেবপুর থানার ভাওয়াল মির্জাপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
জানা গেছে, ভাওয়াল মির্জাপুর এলাকায় বিভিন্ন পেশায় কর্মরত ২৮ থেকে ৩০ জন মিলে নৌকাযোগে উপজেলার মহেড়া ইউনিয়নের মহেড়া জমিদারবাড়িতে (পুলিশ ট্রেনিং সেন্টার) বেড়াতে আসেন। মাগরিবের নামাজের পর বনভোজের নৌকাটি ফতেপুর স্কুল ঘাট থেকে বিকট শব্দে গান বাজাতে বাজাতে ঝিনাই নদী হয়ে ভাওয়াল মির্জাপুরের উদ্দেশে রওয়ানা করেন। থলপাড়া সেতু পার হওয়ার পর নৌকার মাল্লা নদী থেকে বিচ্যুত হয়ে থলপাড়া ও চাকলেশ্বর এলাকার বিলে ঢুকে পড়ে। এ সময় বিলের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে ঘর্ষণে কয়েকজন ছিটকে পড়ে আহত হন। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক ডাক্তার এনায়েতুর রহমান সাজ্জাদ ও জিকুলকে মৃত ঘোষণা করেন।
এ ছাড়া রবিন মিয়া , লিপটন মিয়া, রানা আহমেদ ও মেহেদী হাসানকে হাসপাতালে ভর্তি করেন।
বনভোজনের নৌকায় থাকা ইয়াছিন, সিয়াম ও আলম জানান, নৌকায় গান বাজনা চলছিল। ফতেপুর স্কুল থেকে নৌকা ছাড়ার আধাঘণ্টা পর হঠাৎ বিদ্যুতের ঝলকানি দেখতে পান। পরে চিৎকার শুনে তারা কাছে গিয়ে বিষয়টি জানতে পারেন। রাত ৯টার দিকে আহতদের কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ দুটি সুরতহাল শেষে টাঙ্গাইল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি