২৭ নভেম্বর ২০২৬

বন্যা ও তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎ নেই ৯ লাখের বেশি মানুষের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম
বন্যা ও তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎ নেই ৯ লাখের বেশি মানুষের

শক্তিশালী ঝড়ের কারণে বিদ্যুৎ বিপর্যয় ও ফ্লাইট চলাচলে বিঘ্ন জনদুর্ভোগ আরও বাড়িয়েছে। ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলে শক্তিশালী ঝড়ের আঘাতে জনজীবন ও যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। মধ্যাঞ্চল থেকে পূর্ব উপকূল পর্যন্ত ঝড়ের প্রভাবে দেখা দিয়েছে বন্যা, ভারি তুষারপাত ও বিদ্যুৎ বিপর্যয়।

দেশজুড়ে ৯ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎ সংযোগ হারিয়েছেন। বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি সড়ক ও সেতু। দুর্যোগের প্রভাব পড়েছে বিমান ও রেল চলাচলেও।

বৃহস্পতিবার থ্যাংকসগিভিং উৎসবের দিন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট বাতিল ও বিলম্বের ঘটনা ঘটে।

একই পরিস্থিতিতে নিউইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাসির থ্যাংকসগিভিং প্যারেড আয়োজন করা সম্ভব হয়নি। ইতিহাসে প্রথমবারের মতো স্থগিত হওয়া অনুষ্ঠানটি শনিবার আয়োজনের পরিকল্পনা রয়েছে।

নিউ জার্সির আটলান্টিক সিটিতে বন্যার পানি কমতে শুরু করলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। শহরের জরুরি ব্যবস্থাপনা কর্মকর্তা স্কট ইভান্স জানিয়েছেন, কয়েকটি সড়কে এখনো পানি জমে রয়েছে।

শহরের নিচু এলাকাগুলোতে পানির উচ্চতা ২ থেকে ৩ ফুট পর্যন্ত উঠেছিল। এ সময় কয়েকটি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি পানিতে আটকে পড়া যানবাহন থেকে মানুষকে উদ্ধারে ১৪টির বেশি অভিযান চালান উদ্ধারকর্মীরা। কিছু সড়কে এখনো যান চলাচল বন্ধ রয়েছে।

ভার্জিনিয়াতেও বন্যার কারণে একাধিক উদ্ধার অভিযান পরিচালনা করেছে জরুরি সেবাদানকারী সংস্থাগুলো।

নরফোক শহরে ফায়ার সার্ভিসের কর্মীরা ৩৯ জনকে উদ্ধার করেন। ভার্জিনিয়া বিচেও ঝড়ের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পয়োসন শহরে একটি বাড়িতে আটকে পড়া প্রায় পাঁচজনকে উদ্ধার করে স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হয়। এসব ঘটনায় এখন পর্যন্ত কারো আহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে দুটি পৃথক ঝড়ের প্রভাবে বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। বিদ্যুৎ বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজ ডট ইউএসের তথ্য অনুযায়ী, পেনসিলভানিয়ায় ২ লাখ ১৩ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন। ভার্জিনিয়ায় এ সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। মিসৌরিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার গ্রাহকের। এ ছাড়া নিউইয়র্ক, নর্থ ক্যারোলাইনা ও ইলিনয়েও বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে।

মিসৌরিতে ভারী ও আর্দ্র তুষারপাতের কারণে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যটির বিভিন্ন এলাকায় ৮ থেকে ১২ ইঞ্চি তুষার জমেছে। কোথাও কোথাও তুষারের স্তর ১৪ ইঞ্চি পর্যন্ত পৌঁছেছে। টেনেসির পশ্চিম ও মধ্যাঞ্চলেও তুষারপাত অব্যাহত রয়েছে। মধ্য টেনেসির কয়েকটি এলাকায় ২ থেকে ৪ ইঞ্চি তুষার জমার পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে, মেমফিসে অন্তত সাত দশকের মধ্যে প্রথমবারের মতো থ্যাংকসগিভিং দিবসে তুষারপাতের ঘটনা ঘটেছে।

প্রতিকূল আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল ব্যবস্থায়ও চাপ তৈরি হয়েছে। নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে ডেল্টা এয়ারলাইনসের ফ্লাইট চলাচলে সাময়িক গ্রাউন্ড স্টপ জারি করে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকার কথা ছিল। নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবল বাতাসের আশঙ্কায় টার্মিনালগুলোর মধ্যে যাতায়াতের জন্য ব্যবহৃত উড়াল ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। যাত্রী পরিবহনে বিকল্প হিসেবে বাসের ব্যবস্থা করা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার দক্ষিণ উপকূলেও আবহাওয়ার কারণে রেল যোগাযোগ ব্যাহত হয়েছে। উচ্চ জোয়ারের ফলে আমট্রাকের প্যাসিফিক সার্ফলাইনার রুটে কয়েকটি ট্রেনের চলাচল বাতিল করা হয়। সমুদ্রের ঢেউ রেললাইনের ওপর আছড়ে পড়ায় ওই পথে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চলে বৃষ্টি ও তুষারপাতের প্রবণতা বাড়তে পারে। পরবর্তী সময়ে ঝড়টি দক্ষিণ দিকে অগ্রসর হয়ে রকি পর্বতমালার মধ্যাঞ্চলে তুষারপাত ঘটাতে পারে। শনিবার মধ্যাঞ্চলীয় সমভূমি ও মধ্য-পশ্চিমাঞ্চলে বৃষ্টি এবং তুষারপাতের আশঙ্কা রয়েছে।

রবিবার যুক্তরাষ্ট্রে ছুটির পর ভ্রমণকারীদের অন্যতম ব্যস্ত দিন। এদিন লুইজিয়ানা উপকূল থেকে দক্ষিণ মিশিগান পর্যন্ত বিস্তৃত এলাকায় ভারী বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণ-পূর্বাঞ্চল এবং মধ্য-আটলান্টিক এলাকাতেও ঝড়ের কারণে যাতায়াতে বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলেও নতুন করে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার রাতে সেখানে আরেকটি শক্তিশালী ঝড় আঘাত হানতে পারে। এর প্রভাবে পূর্ব ওয়াশিংটন থেকে বে এরিয়া পর্যন্ত ভ্রমণ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টিপাত দক্ষিণ ক্যালিফোর্নিয়া পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়ার পূর্বাভাস।
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি