১৬ নভেম্বর ২০২৬

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সাধারণ শ্রমিকদের চাওয়া মুখের কথায় আশ্বস্ত চান না!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১১ এএম
চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সাধারণ শ্রমিকদের চাওয়া মুখের কথায় আশ্বস্ত চান না!

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: চা বাগানের অলিগলি, শ্রমিকদের ঘরবাড়ি ও হাটবাজারে এখন নির্বাচনী আলোচনা। কোথাও প্রার্থীরা দলবল নিয়ে ভোট চাইছেন, কোথাও সমর্থকেরা পছন্দের প্রার্থীর পক্ষে প্রচার চালাচ্ছেন। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচন ঘিরে দেশের ১৫৮টি চা বাগানে এমন উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। তবে এবারের নির্বাচনে শ্রমিকদের চাওয়া কিছুটা ভিন্ন। প্রার্থীদের মুখের কথায় আর আশ্বস্ত হতে চান না তারা। নির্বাচিত হলে শ্রমিকদের জন্য কী করবেন, তা লিখিতভাবে জানাতে হবে।

আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠেয় এই নির্বাচনে ছয় শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক বরাদ্দের পর থেকেই বাগানগুলোতে প্রচার-প্রচারণা চলছে। প্রার্থীরা শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। কিন্তু প্রচারণা শুরু হলেও এখন পর্যন্ত কোনো প্যানেল তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেনি। এ নিয়ে সাধারণ শ্রমিকদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। তাদের দাবি, ভোটের আগে প্রার্থীদের প্রতিশ্রুতির লিখিত রূপরেখা প্রকাশ করতে হবে।

শ্রমিকরা জানান, বছরের পর বছর ধরে মজুরি, বাসস্থান, ভূমির অধিকার, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক বিষয়গুলো নিয়ে তাঁরা দাবি জানিয়ে আসছেন। নির্বাচনের সময় প্রার্থীরা এসব সমস্যা সমাধানের আশ্বাস দিলেও পরে তার বাস্তবায়ন নিয়ে খুব একটা অগ্রগতি দেখা যায় না। তাই এবার কেবল প্রতিশ্রুতি শুনে নয়, কে কীভাবে সমস্যার সমাধান করবেন, তা যাচাই করেই ভোট দিতে চান তারা।

এবারের নির্বাচনে মূলত দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। ইশতেহার প্রকাশে দেরির বিষয়ে একটি প্যানেলের সভাপতি প্রার্থী পঙ্কজ কন্দ বলেন, ইশতেহারে শ্রমিকদের কোন কোন দাবিকে অগ্রাধিকার দেওয়া হবে, তা নিয়ে আলোচনা চলছে। প্রচারের জন্য সময় কম থাকলেও দ্রুত একটি পূর্ণাঙ্গ ইশতেহার প্রকাশের চেষ্টা করছেন তারা।

অন্য প্যানেলের সভাপতি প্রার্থী রাজু গোয়ালা বলেন, তারাও ইশতেহার তৈরির কাজ করছেন। তবে বাস্তবায়ন করা সম্ভব নয়, এমন কোনো প্রতিশ্রুতি তারা দিতে চান না। তার ভাষায়, প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করতে না পারা অত্যন্ত লজ্জাজনক। এ কারণে সাধারণ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত ইশতেহার তৈরি করা হচ্ছে।

সাধারণ সম্পাদক প্রার্থী নিপেন পালও জানান, তারা সব সময় শ্রমিকদের পাশে রয়েছেন। ইশতেহার তৈরির কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

চা শ্রমিকদের দীর্ঘদিনের বঞ্চনার বিষয়টি উঠে এসেছে স্থানীয় শ্রমিক নেতাদের বক্তব্যেও। স্থায়ী চা শ্রমিক নেতা সরজিৎ পাসি বলেন, দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রা অর্জনে চা শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অথচ তাদের জীবনমানের তেমন উন্নতি হয়নি। বর্তমানে দৈনিক ১৮৭ টাকা মজুরিতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যে হারে বেড়েছে, তাতে এই মজুরি দিয়ে দুই বেলা ডাল-ভাতের ব্যবস্থা করাও কষ্টকর। ন্যায্য মজুরির পাশাপাশি ভূমির অধিকার, শিক্ষা ও চিকিৎসাসেবা থেকেও তারা বঞ্চিত।

নারী চা শ্রমিক নেত্রী খাইরুন আক্তার বলেন, চা বাগানের শ্রমিকদের সমস্যা শুধু কম মজুরিতে সীমাবদ্ধ নয়। মৌলিক অধিকার নিয়েও তাদের দীর্ঘদিনের সংকট রয়েছে। এখনো শ্রমিকদের ভূমির মালিকানা নিশ্চিত হয়নি। অনেক বাগানে হাসপাতাল থাকলেও প্রয়োজনীয় চিকিৎসক, প্রশিক্ষিত নার্স ও মিডওয়াইফের ব্যবস্থা নেই। ফলে অসুস্থ হলে শ্রমিকদের প্রয়োজনীয় চিকিৎসা পেতে ভোগান্তিতে পড়তে হয়।

হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানের ইউপি সদস্য ও শ্রমিক নেতা সাইমন মর্মু বলেন, এবারের নির্বাচন নিয়ে শ্রমিকদের মধ্যে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। ভোটাররা এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। তারা প্রার্থীদের যোগ্যতা, অতীত কর্মকাণ্ড ও শ্রমিকদের জন্য তাদের পরিকল্পনা বিবেচনা করে নেতৃত্ব নির্বাচন করতে চান। এ কারণেই লিখিত ইশতেহারের দাবি উঠেছে।

এদিকে মৌলভীবাজার জেলার বিভিন্ন বাগান জুড়ে চলছে প্রচার প্রচারণা দিয়ে যাচ্ছে বিভিন্ন আশ্বাস কিন্তু শ্রমিকরা কথায় নয় কাগজে কলমে লিখিত বক্তব্য চায় অনেক অবহেলিত হয়েছি আর নয় এমনটাই এখন সাধারণ শ্রমিকদের চাওয়া।

নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে শ্রীমঙ্গল শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মহব্বত হোসাইন বলেন, আগামী ২৮ নভেম্বর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। দেশের ১৫৮টি চা বাগানে প্রচার-প্রচারণা চলছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি