ছোট ভাইয়ের জন্মদিনে মদপান করে বড় ভাইয়ের মৃত্যু

হাসান ভূঁইয়া, সাভার থেকে : সাভারের আশুলিয়ায় ছোট ভাইয়ের জন্মদিন উদযাপন করার সময় অতিরিক্ত মদ্যপান করে বড়ভাই মেহেদি হাসান (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মেহেদির ছোট ভাই জাহিদ হাসান হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক রেজাউল হক মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
এর আগে, বুধবার (২৯ জানুয়ারি) রাতে আশুলিয়ার আউকপাড়ার নিজ বাড়িতে জন্মদিন উদযাপন করতে গিয়ে এ ঘটনা ঘটে। পরে সেদিনই হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোর রাতে মেহেদির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। নিহত মেহেদী ও চিকিৎসাধীন জাহিদ হাসান সহোদর। তারা আশুলিয়া থানার আউকপাড়া এলাকার আহমদ আলীর ছেলে।
নিহতের স্বজনের কাছে জানা গেছে, বুধবার মেহেদির ছোটো ভাই জাহিদের জন্মদিন ছিলো। সেদিন রাতে জন্মদিনের পার্টির আয়োজনে অতিরিক্ত মদপান করে ফেলে তারা দুই ভাই। এরপর হঠাৎ করেই তারা অসুস্থ হয়ে পড়ে। এসময় তাদের চিকিৎসার জন্য দ্রুত এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়।
সাভার এনাম মেডিক্যালের দায়িত্বরত চিকিৎসক রেজাউল হক বলেন, মেহেদি ও জাহিদ গত ২৯ তারিখ আমাদের হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তাদের পেটে মদের আলামত পাওয়া গেছে । মেহেদির অতিরিক্ত মদপানের কারণে এলকোহল বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। এছাড়া জাহিদ নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিউতে) চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে সাভার থানার ডিউটি অফিসার ও উপ-পরিদর্শক (এসআই) লোকমান বাংলাপ্রেসকে বলেন, এমন কোন অভিযোগ আমাদের কাছে আসেনি বা এনাম মেডিকেল থেকেও আমাদের কিছু জানানো হয়নি। অভিযোগ আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি