দীর্ঘ ৫ বছরের খরা কাটিয়ে ফিরছে ‘মিরাক্কেল’
বাংলাপ্রেস ডেস্ক: পাঁচ বছর ধরে ছোটপর্দায় নেই জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মিরাক্কেল’। দীর্ঘ বিরতি কাটিয়ে নতুন আয়োজন নিয়ে আবারও ফিরতে যাচ্ছে ভারতীয় বাংলা ভাষার এই অনুষ্ঠান।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হতে পারে নতুন মৌসুম।
একসময় দর্শকদের হাসিতে মাতিয়ে রাখা ‘মিরাক্কেল’-এর সঞ্চালনায় ছিলেন মীর আফসার আলী। তার বুদ্ধিদীপ্ত উপস্থাপনা ও তাৎক্ষণিক রসিকতা অনুষ্ঠানটিকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছিল। টিআরপির তালিকাতেও শীর্ষে ছিল শোটি।
এই মঞ্চ থেকেই পরিচিতি পেয়েছেন অনেক কৌতুকশিল্পী, যারা পরে শোবিজ অঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করেন।
দীর্ঘদিন অনুষ্ঠানটি বন্ধ থাকায় দর্শকদের মধ্যে নতুন মৌসুমের অপেক্ষা তৈরি হয়েছিল। এবার সেই অপেক্ষার অবসান ঘটাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে নতুন মৌসুমের একটি প্রোমো। ঘোষণার পর থেকেই অনুষ্ঠানটি ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে।
নতুন আয়োজনে শুধু ভারত নয়, বিভিন্ন দেশ থেকে কমেডি শিল্পীদের অডিশনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রাথমিক বাছাইপর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে শুরু হবে মূল পর্ব। সেখানে নিজেদের প্রতিভা ও রসবোধ দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা।
অনুষ্ঠানটির পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী ফেব্রুয়ারিতেই পর্দায় ফিরবে ‘মিরাক্কেল’। তবে নতুন মৌসুমে বিচারকের আসনে কারা থাকবেন, সে বিষয়ে এখনো আলোচনা চলছে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি