দেশে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী, সপ্তাহে বাড়ল ৪৮.১ শতাংশ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: দেশে গত সাত দিনে করোনাভাইরাস সংক্রমণ (২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি) বেড়েছে ৪৮.১ শতাংশ। একই সময়ে মৃত্যু বেড়েছে ৪১.৭ শতাংশ। এটি দেশের ৫২তম এপিডেমিওলজিক্যাল সপ্তাহ ছিল।
সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সপ্তাহটিতে দেশে ১ লাখ ৩২ হাজার ৮০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৩ হাজার ২১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া এ সময়ে করোনায় মারা গেছেন ১৭ জন।
তবে আগের সপ্তাহে (২০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর) নমুনা পরীক্ষা করা হয়েছিল ১ লাখ ২৬ হাজার ৯৫১ জনের। করোনা শনাক্ত হয় ২ হাজার ১৭০ জনের। এ সময়ে করোনায় ১২ জনের মৃত্যু হয়।
এদিকে, করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৬৭৪ জন।
করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ২ জন, রাজশাহী বিভাগের ১ জন এবং খুলনা বিভাগের ১ জন।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে করোনায় মৃত্যুর খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম একজনের মৃত্যু হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি