দেশে কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ
বাংলাপ্রেস ডেস্ক: পবিত্র ঈদুল আজহা ঘিরে কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। বুধবার (১৩ মে) সচিবালয়ে কুরবানি সম্পর্কিত বিষয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে ব্রিফিংকালে এ বিষয়ে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বাণিজ্যমন্ত্রী জানান, এ বছর গরুর কাঁচা চামড়ার দর রাজধানী ঢাকার ভেতরে প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ঢাকার বাইরে গরুর কাঁচা চামড়ার প্রতি বর্গফুটের দাম ৫৭ থেকে ৬২ টাকা।
এদিকে সারাদেশে খাসির চামড়ার প্রতি বর্গফুট ২৫-৩০ টাকা এবং সারা দেশে বকরির চামড়ার দাম প্রতি বর্গফুট ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী জানান, কুরবানির পশুর চামড়া যেন নষ্ট না হয় সেজন্য সারা দেশে সরকারি অর্থায়নে বিনামূল্য লবণ পৌঁছানো হবে। এজন্য ইতোমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ কেনা হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) মাধ্যমে জেলা-উপজেলায় এই লবণ পৌঁছে দেয়া হবে।
হাজারীবাগ থেকে ট্যানারি সাভারে নিয়ে যাওয়া চামড়া খাতে বিপর্যয় সৃষ্টি করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, যদি সেখানে সব কারখানা চালু হয়ে যেত, তাহলে চামড়ার দাম বাড়তেই থাকতো। দাম কমতো না কিংবা এমন স্থবির হয়ে থাকতো না।
তিনি জানান, আগামী দিনে চামড়া শিল্পকে সত্যিকার সম্ভাবনাময় খাতে রূপান্তরের জন্য সাভারের সিইটিপির সংস্কার করা হবে। যেসব প্রতিষ্ঠানের সক্ষমতা আছে তারা নিজস্ব ব্যবস্থাপনায় ইটিপি করবেন, এজন্য সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে। অন্য প্রতিষ্ঠানগুলোকে কয়েকটি গ্রুপে মার্জ করে কীভাবে আর্থিক সহায়তা করা যায় এবং সিইটিপিতে সম্পৃক্ত করা যায়, সবকিছু মিলিয়ে বিশদ পরিকল্পনা নেয়া হয়েছে। সামনের দিনে চামড়া খাতকে সত্যিকার অর্থে সম্ভাবনাময় খাতে রূপান্তর করবে সরকার।
এ সময় চলতি বছর কুরবানির চামড়ার যথাযথ সংরক্ষণে স্থানীয় প্রশাসনের তদারকির পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের অনেকগুলো টিম ছাড়াও সংসদ সদস্যরা সমন্বিতভাবে কাজ করবেন বলেও জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ট্রেনে ঈদযাত্রা: এক টিকিটে ৪০০ জনের চেষ্টা, এক ঘণ্টায় শেষ বিক্রি
প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি