১৬ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার ফেরার সম্ভাবনা ইউপি নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি সানাউল্লাহ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পিএম
শেখ হাসিনার ফেরার সম্ভাবনা ইউপি নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি সানাউল্লাহ

বাংলাপ্রেস ডেস্ক: শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কিংবা সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রভাব ফেলবে না বলে মনে করছে নির্বাচন কমিশন (ইসি)। বরং স্থানীয় সরকার নির্বাচন কোনো কোনো ক্ষেত্রে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সহায়তা করতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির ১৪তম কমিশন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সানাউল্লাহ জানান, ইউপি নির্বাচনের ধাপ ও ইউনিয়নের সংখ্যা নির্ধারণ নিয়ে কমিশন সভায় আলোচনা হয়েছে। পঞ্চম ধাপে তুলনামূলক কমসংখ্যক ইউনিয়ন রাখা হয়েছে। আইনি জটিলতা বা অন্য কোনো কারণে যেসব ইউনিয়নে নির্বাচন পিছিয়ে যেতে পারে, সেগুলো পরবর্তী সময়ে সমন্বয় করার সুযোগ রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনার বলেন, প্রথম ধাপে আনুমানিক ১৩১টি উপজেলায় ১ হাজার ২৬টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলায় প্রায় ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলায় ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলায় ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলায় ৩৫৬টি ইউনিয়নে নির্বাচন হতে পারে। আগামী বৃহস্পতিবার ইসির ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে কোন কোন ইউনিয়নে নির্বাচন হবে, তা জানা যাবে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ
জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করা হবে বলে জানান সানাউল্লাহ। নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নিবন্ধনের ক্রমানুসারে আমন্ত্রণ জানানো হবে। মূলত স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের বিষয়ে দলগুলোর সঙ্গে আলোচনা হবে। আগামী ১০ ডিসেম্বরের আগেই তিন দিনব্যাপী এ সংলাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

তফসিল ঘোষণার বিষয়ে তিনি বলেন, প্রথম ধাপের নির্বাচন ২১ জানুয়ারি থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। ২১ জানুয়ারি থেকে ৫০ দিন আগে-পরে এই নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা বা সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি স্থানীয় সরকার নির্বাচনে প্রভাব ফেলবে কি না, জানতে চাইলে সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে বলে তাঁরা মনে করেন না। বরং কোনো কোনো ক্ষেত্রে এ নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সহায়তা করতে পারে।

স্মার্ট কার্ড ছাপায় সফটওয়্যার জটিলতা
স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাপানোর কাজে সাময়িক সফটওয়্যার জটিলতা দেখা দিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। তিনি বলেন, গত চার-পাঁচ দিন ধরে স্মার্ট কার্ড ছাপানোর সফটওয়্যারে সমস্যা হচ্ছে। বিষয়টি শনাক্ত করে সমাধানের চেষ্টা চলছে। তবে এতে এনআইডিসেবা বন্ধ নেই।

কারও এনআইডি সংশোধনের আবেদন অনুমোদিত হলে তিনি ওয়েবসাইট থেকে নিজেই তা প্রিন্ট করে লেমিনেট করে ব্যবহার করতে পারবেন। শুধু স্মার্ট কার্ড ছাপানোর কাজ কিছুটা বিঘ্নিত হচ্ছে।

সানাউল্লাহ আরও বলেন, দীর্ঘদিন ধরে স্মার্ট কার্ড ছাপানোর কাজে চুক্তিসংক্রান্ত জটিলতা রয়েছে। ২০১৭ সালের ১ জুলাই থেকে এ সমস্যা শুরু হয়েছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়ন করা হয়নি। এর মধ্যে একটি অডিট আপত্তিও অনিষ্পন্ন রয়েছে। এসব বিষয় কীভাবে সমাধান করে কাজ চালিয়ে নেওয়া যায়, তা নিয়ে কমিশন আলোচনা করেছে। এটি জাতীয় সেবা হওয়ায় বন্ধ রাখা যাবে না।

ইভিএম নিষ্পত্তি শুরু গাজীপুর থেকে
আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। সংরক্ষিত ইভিএমগুলো কীভাবে নিষ্পত্তি করা যায়, সে বিষয়ে গঠিত কমিটির অগ্রগতি পর্যালোচনা করেছে কমিশন।

সানাউল্লাহ বলেন, দেশের বিভিন্ন পর্যায়ে সংরক্ষিত ইভিএমের সংখ্যা ও অবস্থা নিরূপণ করা হবে। এ কার্যক্রম গাজীপুর থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে। কারণ, সেখানে সবচেয়ে বেশি ইভিএম সংরক্ষিত রয়েছে। এরপর কমিটির সুপারিশ অনুযায়ী সেগুলো নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হবে।

ইভিএম নিষ্পত্তির ক্ষেত্রে একাধিক পদ্ধতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোন পদ্ধতি গ্রহণ করা হবে, তা কমিটির সুপারিশ পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, তদন্ত কমিশন এবং দুর্নীতি দমন কমিশনেরও সংশ্লিষ্টতা রয়েছে। এসব বিষয় নিষ্পত্তির বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।

এনআইডিসেবা নিয়ে কর্মশালা আয়োজনের বিষয়ে সানাউল্লাহ বলেন, এনআইডিসেবাকে আরও সহজ ও জনবান্ধব করা এবং সেবার ক্ষেত্রে অভ্যন্তরীণ ও বাইরের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়াই এ কর্মশালার উদ্দেশ্য।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি