১০ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় বিএনপি নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন: গয়েশ্বর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পিএম
দুর্গাপূজায় বিএনপি নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন: গয়েশ্বর

ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক: আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীরা ভ্যানগার্ড (অগ্রণী ভূমিকা পালন) হিসেবে কাজ করবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে সাভার নামাবাজারের পঞ্চবটি আশ্রমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাভার পৌর এলাকার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মানুষের মধ্যে নানা ধরনের আশঙ্কা থাকতে পারে। তবে সেই আশঙ্কা যেন বাস্তবে রূপ না নেয়, সেজন্য বিএনপির নেতাকর্মীরা সর্বদা সজাগ রয়েছেন। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না। পূজা উদযাপন নিয়ে মানুষের মধ্যে যাতে কোনো ধরনের আতঙ্ক না থাকে, সেজন্য বিএনপির নেতাকর্মীরা চারদিকে ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করবেন।

শহীদ মজনু ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাভার পৌরসভার মেয়র প্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মো. খোরশেদ আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইব্রাহিম মিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি মো. আশরাফ উদ্দিন খান, শহীদ মজনু ফাউন্ডেশনের মহাসচিব নাজমুল হাসান অভি এবং ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। এ সময় বিভিন্ন স্থান থেকে আগত সনাতন ধর্মাবলম্বী মানুষ এবং সাভার পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি