২৪ নভেম্বর ২০২৬

গাজীপুরে মহাসড়ক অবরোধ, ছুটি ৭০ কারখানায়, বন্ধ ৩২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ এএম
গাজীপুরে মহাসড়ক অবরোধ, ছুটি ৭০ কারখানায়, বন্ধ ৩২

বাংলাপ্রেস ডেস্ক: শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ ও বিক্ষোভ করছেন শ্রমিকরা। এতে মহাসড়ক দুটিতে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে শ্রমিক অসন্তোষের কারণে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় গাজীপুরের ভোগরা, চৌরাস্তা ও কোনাবাড়ি এলাকার ৭০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়। এ সময় কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছু এলাকায় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয়।

সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকার ইসলাম গার্মেন্টসে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করেন। পরিস্থিতি বিবেচনায় পরে ওই কারখানাসহ আশপাশের কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

এরপর মৌচাকের তেলিরচালা এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। একই সময়ে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় কয়েকটি শিল্পকারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পাশের বাঘের বাজারের নতুন বাজার এলাকাতেও শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে বেলা পৌনে ১২টার দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ভোগরা বাইপাস, চৌরাস্তা, গাজীপুরা ও বড়বাড়ি এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করেন। এতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেন। একপর্যায়ে এসব এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শ্রমিক বিক্ষোভের কারণে মঙ্গলবার দুপুর পর্যন্ত ৭০টি কারখানায় একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি