পিরোজপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩
বাংলাপ্রেস ডেস্ক: পিরোজপুরে বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শান্ত, সাজিদ ও সুনান। এদের মধ্যে নিহত শান্ত কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের শতদল রায়ের ছেলে। অপর নিহত সাজিদ ও সুনান একই উপজেলার বাসিন্দা।
এ ঘটনায় আহতরা হলেন- কাউখালী উপজেলার পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মো. মাহফুজুর রহমান (২৫) ও কাউখালী উপজেলার বেকুটিয়া এলাকার মধুর ছেলে জয় (২৬)।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় দুটি মোটরসাইকেলে করে ৫ জন আরোহী কাউখালীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। মোটরসাইকেল দুটি বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ জন আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। এর মধ্যে শান্ত, সুনান, সাজিদকে খুলনা মেডিকেলে নেয়ার পর মারা যায়।
এ বিষয়ে পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেকুটিয়া ব্রিজে একটি দুর্ঘটনার খবর পান। ঘটনাস্থলে গিয়ে ২ জন গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরে এম্বুলেন্সের মাধ্যমে তাদেরকে জেলা হাসপাতালে নিয়ে আসেন।
জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিজাম উদ্দিন জানান, সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে প্রথমে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বাকি দুজনের অবস্থার অবনতি হলে তাদেরও প্রাথমিক চিকিৎসা শেষে খুলনায় পাঠানো হয়।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নানিয়ারচর সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ বিতরণ
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, ভুয়া এজেন্সির মালিকের কারাদণ্ড
সঙ্গীত একাডেমি