১৩ অক্টোবর ২০২৬

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: হাজীগঞ্জে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১১:৫২ পিএম
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: হাজীগঞ্জে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

বাংলাপ্রেস ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জে সেবাগ্রহীতাদের কাছ থেকে প্রকাশ্যে অর্থ নেওয়ার অভিযোগে রাজারগাঁও ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক শুভ চন্দ্র বর্মণকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর অর্থ গ্রহণের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার লক্ষ্যে অভিযোগের বিবরণী প্রস্তুত করে জেলা প্রশাসকের কাছে পাঠাতে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) রাতে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, গত বুধবার (৭ অক্টোবর) ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে ‘হাজীগঞ্জ উপজেলার ১ নম্বর রাজারগাঁও ইউনিয়ন ভূমি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন’ শিরোনামে সংবাদ ও ভিডিও ফুটেজ প্রকাশিত হয়। এতে অফিস সহায়ক শুভ চন্দ্র বর্মণকে সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ নিতে দেখা যায় বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

জেলা প্রশাসনের আদেশে বলা হয়, ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়কের সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ নেওয়ার কোনো আইনগত ভিত্তি নেই। সরকারি দায়িত্ব পালনকালে এ ধরনের কর্মকাণ্ড দুর্নীতিপরায়ণতার শামিল। এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী দুর্নীতিপরায়ণতার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই বিধিমালার ১২(১) বিধি অনুযায়ী শুভ চন্দ্র বর্মণকে সাময়িক বরখাস্ত করা হয়। জনস্বার্থে জারি করা আদেশটি স্বাক্ষরের দিন থেকেই কার্যকর হয়েছে।

এদিকে, ভূমি অফিসে সেবাগ্রহীতাদের হয়রানি ও অনিয়ম প্রতিরোধে নজরদারি জোরদারের কথা জানিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, স্বচ্ছতা নিশ্চিত করতে ঝটিকা অভিযান ও নজরদারি বাড়ানোর পাশাপাশি জনসচেতনতা তৈরির লক্ষ্যে ভূমি অফিসগুলোতে বার্তা পাঠানো হয়েছে।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি