হাম ও ডেঙ্গুর প্রকোপ: এক দিনে আরও ৬ জনের প্রাণহানি
বাংলাপ্রেস ডেস্ক: দেশে হাম ও ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন।
এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৪ এবং ডেঙ্গুতে ৩০৭। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতনি করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন। অন্যদিকে, নতুন করে ১৫২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের উপসর্গ নিয়ে কিশোরগঞ্জ ও হবিগঞ্জে একজন করে মারা গেছেন। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ১ হাজার ১৬৪ জনের মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৬০ জনের মৃত্যু হয়েছে।
দেশে নতুন করে ১৫২ জনের শরীরে হাম শনাক্ত হওয়ায় চলতি বছর নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৫৭৩। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২৬৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ২৯৭।
অন্যদিকে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া চারজনের সবাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে সারা দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৭।
এছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন। এর আগের দিন এক দিনে ২ হাজার ১৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যা ছিল এ বছরের সর্বোচ্চ দৈনিক ভর্তি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১ হাজার ৪৪২ জন। মৃত্যুর হিসাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা শীর্ষে রয়েছে। সেখানে এ পর্যন্ত ৮৪ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ জন মারা গেছেন খুলনা বিভাগে।
হাম ও ডেঙ্গুর সংক্রমণ এবং মৃত্যুর এই পরিসংখ্যান জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। একদিকে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে, অন্যদিকে ডেঙ্গুতে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।
পরিস্থিতি মোকাবিলায় সংক্রমণ পর্যবেক্ষণ, রোগী শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: হাজীগঞ্জে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত
৬১টি ফ্লাইট বাতিলের ধাক্কা: চরম ভোগান্তিতে সৌদিগামী ৯ হাজার ২৬৯ যাত্রী
সঙ্গীত একাডেমি