গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি, সতর্কতার সঙ্গে চলছে যানবাহন
বাংলাপ্রেস ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাণ্ডব চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। গতকাল সন্ধ্যায় মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেওয়া হয়। লুট করা হয় পুলিশের অস্ত্র, আগুন দেওয়া হয় পুলিশের একাধিক গাড়িতে। ছিনিয়ে নেওয়া হয় আটক আসামিদের।
এমন তাণ্ডবের পর আতঙ্ক তৈরি হয়েছে টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ সদরে। সেই সঙ্গে কখন অন্যান্য উপজেলাও জ্বলে ওঠে, সেই আশঙ্কা করছেন সাধারণ মানুষ। আগামী ১৯ তারিখে সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক লকডাউন কর্মসূচি নিয়ে পুরো গোপালগঞ্জে একধরনের চাপা আতঙ্ক বিরাজ করছে। সেদিন জেলার পরিস্থিতি কী হয়, তা নিয়ে সর্বত্র আলোচনা চলছে। এতে গোপালগঞ্জে থমথমে অবস্থা বিরাজ করছে এবং রাস্তায় মানুষ ও যানবাহন চলাচল সীমিত রয়েছে।
এদিকে, গতকাল শতাধিক লোকের একটি দল গোপালগঞ্জ-০৩ আসনের এমপি এস এম জিলানীর বাড়িসহ তার আত্মীয়-স্বজনের আরও ১০-১৫টি বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। রাস্তায় রাস্তায় ব্যারিকেড এবং আন্দোলনকারীরা অবস্থান নিয়ে থাকায় ফায়ার সার্ভিসের গাড়িও আগুন নেভাতে যেতে পারেনি।
আজ বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলা শহরের সড়কগুলোতে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে সড়কে। পাশাপাশি শহরের কিছু কিছু এলাকায় দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি নেই বললেই চলে। সাধারণ মানুষের চলাফেরায় সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন এলাকার লোকজন রাতের ঘটনা নিয়েই আলোচনা করছেন।
এই পরিস্থিতিতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় জেলার গুরুত্বপূর্ণ স্থানে ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার বিজিবি মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবি জানায়, মোতায়েন করা বিজিবি সদস্যরা গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি