ঝিনাইদহে ইটের আঘাতে নারী নিহত, সাবেক স্বামী আটক
বাংলাপ্রেস ডেস্ক: ঝিনাইদহ পৌর শহরের কাঞ্চননগর বাবর আলী মোড় এলাকায় সাবেক স্বামীর ইটের আঘাতে সুমাইয়া খাতুন সুমা (২৬) নামের এক নারী নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সাবেক স্বামী এনামুল হক মিরাজকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। নিহত সুমাইয়া খাতুন ওই এলাকার সেকেন্দার শেখের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে সুমাইয়া তার ছয় বছরের ছেলে ফারহানকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বাবর আলী মোড় এলাকায় পৌঁছালে তার সাবেক স্বামী এনামুলের সঙ্গে খোরপোশের মামলা নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে এনামুল রাস্তা থেকে ইট তুলে সুমাইয়ার মাথায় সজোরে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই স্থানীয় লোকজন ধাওয়া করে অভিযুক্ত এনামুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, আট বছর আগে পারিবারিকভাবে সুমাইয়ার সঙ্গে এনামুলের বিয়ে হয়েছিল এবং তাদের সংসারে ফারহান নামের এক সন্তান রয়েছে। চার বছর আগে তাদের বিচ্ছেদ হয়ে যায়। তালাক হওয়ার পরও এনামুল প্রায়ই এলাকায় যাতায়াত করতেন এবং বিভিন্ন বিষয়ে ঝামেলা সৃষ্টি করতেন। বুধবার সকালেও স্কুল থেকে ফেরার পথে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এনামুল হক মিরাজকে আটক করা হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি