১৯ মে ২০২৬

ইরান ‘খুব বড় ভুল করেছে’, বললেন ডোনাল্ড ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ইরান ‘খুব বড় ভুল করেছে’, বললেন ডোনাল্ড ট্রাম্প

বিদেশ ডেস্ক: হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ড্রোন ভূপাতিত করে ‘অনেক বড় ভুল’ করেছে ইরান, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে কেউ হয়তো অনিচ্ছাকৃতভাবে এমন কাজ করে থাকতে পারে বলেই মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

সাংবাদিকদের কাছে ট্রাম্প বলেন, ‘কেউ ইচ্ছা করে এমন কাজ করবে, এটা বিশ্বাস করা কঠিন।’

হরমুজ প্রণালির উপর দিয়ে উড়ে যাওয়ার সময় একটি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করে ইরান। ইরানের দাবি, মার্কিন ড্রোনটি ইরানের আকাশসীমা লঙ্ঘন করেছিল। তবে যুক্তরাষ্ট্রের দাবি, এটি আন্তর্জাতিক আকাশসীমাতেই ছিল।

ইরানের ভূখণ্ডে মার্কিন অনুপ্রবেশের বিষয়ে জাতিসংঘের কাছে অভিযোগ করা হবে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।

পরে জাতিংসঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখত রাভানচি জানান, যুক্তরাষ্ট্রের এমন গুপ্তচরবৃত্তির বিষয়ে জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদ বরাবর চিঠি পাঠানো হয়েছে।

ওই চিঠিতে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে দাবি করে বলা হয়, ইরান কোনো যুদ্ধে জড়াতে চায় না। কিন্তু নিজেদের সার্বভৌমত্বের প্রতি কোনো হুমকি এলে, তা প্রতিহত করার অধিকার তাদের আছে।

এদিকে হোয়াইট হাউসে এক বক্তব্যে ট্রাম্প ড্রোন ভূপাতিত করার ঘটনাকে ‘মলমের ওপর মাছি বসার’ মতো ব্যাপার বলে মন্তব্য করেছেন।

এ সময় ট্রাম্প দাবি করেন, মানববিহীন ড্রোনটিকে যখন ভূপাতিত করা হয়, তখন সেটি আন্তর্জাতিক জলসীমায় ছিল, ইরানের আকাশসীমায় নয়।

তিনি বলেন, ‘আমার মনে হয় ইরান হয়তো ভুলবশত কাজটি করেছে। এমন হতে পারে হয়তো কোনো জেনারেল বা অন্য কেউ ভুলে ড্রোনটি গুলি করে নামিয়েছে।’

‘বোকা ও মতিভ্রম হওয়া কোনো ব্যক্তিই কাজটি করে থাকতে পারে’, যোগ করেন ট্রাম্প।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই দুই দেশের মধ্যে যুদ্ধ বাধলে তা যে কতটা ভয়াবহতা পরিণাম বয়ে আনবে, সেটি ধারণারও বাইরে।

এদিকে উত্তেজনা প্রশমনে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সংযত আচরণ করার অনুরোধ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি