ইরানে ফের হামলার পরিকল্পনা, বৈঠক করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: ইসরাইলে অবস্থানরত মার্কিন সেনাসদস্যদের সঙ্গে দেখা করতে দেশটিতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। মঙ্গলবার (২০ অক্টোবর) সাংবাদিকদের তিনি এ তথ্য নিশ্চিত করেন তিনি।
চলমান আঞ্চলিক উত্তেজনা ও ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে আলোচনার মধ্যেই হেগসেথের এ সফরের খবর সামনে এলো।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানান, সফরে তিনি মার্কিন সেনাদের সঙ্গে দেখা করেছেন এবং নেতানিয়াহুর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছেন। তবে তাদের আলোচনার বিষয়বস্তু প্রকাশ করবেন না বলে জানান তিনি।
সাংবাদিকদের হেগসেথ বলেন, ‘আমি সেখানে আমাদের সেনাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলারও সুযোগ হয়েছে। আমাদের আলোচনার বিষয়বস্তু নিয়ে আমি কিছু বলতে চাই না। তবে ভালো অংশীদার হিসেবে আমি তাদের প্রশংসা করি।’
প্রতিবেদন অনুযায়ী, সোমবার অঘোষিত সফরে ইসরাইলে যান হেগসেথ। এ সময় দখলদ্বার ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী কাৎজের সঙ্গে তার বৈঠক হয়। সফরের বিষয়ে আগে থেকে কোনো ঘোষণা দেয়নি পেন্টাগন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতাধীন এলাকায় ভ্রমণের কথা আগে স্বীকার করলেও ইসরাইল সফরের বিষয়টি স্পষ্ট করেননি হেগসেথ।
সংশ্লিষ্ট দুটি সূত্র ও যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, সফরটি আগে থেকে পরিকল্পিত ছিল না।
আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা
নেতানিয়াহুর মুখপাত্র ডোরন স্পিলম্যান জানান, ইসরাইলের দক্ষিণাঞ্চলের নেগেভ মরুভূমিতে অবস্থিত উভদা বিমানঘাঁটিতে হেগসেথের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু।
স্পিলম্যানের ভাষ্য অনুযায়ী, বৈঠকে আঞ্চলিক নিরাপত্তাঝুঁকি মোকাবিলা এবং এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও দখলদ্বার ইসরাইলের অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়। সম্ভাব্য হুমকি মোকাবিলায় আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক—উভয় ধরনের পদক্ষেপ নিয়েও কথা বলেন তারা।
ইসরাইলে হাজার হাজার মার্কিন সেনাসদস্যকে আতিথ্য দেওয়ার জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা জানান হেগসেথ। এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর সম্পর্ক ও তার প্রতি ট্রাম্পের সমর্থনের বিষয়টিও আলোচনায় আসে বলে জানান স্পিলম্যান।
তিনি বলেন, ‘এখানে গভীর ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, যা এই আলোচনার অন্যতম কেন্দ্রীয় বিষয় ছিল।’
ইরানকে ঘিরে নতুন হামলার আশঙ্কা
ইরানকে লক্ষ্য করে নতুন করে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আলোচনার মধ্যেই হেগসেথের এ সফর অনুষ্ঠিত হলো। আঞ্চলিক উত্তেজনার মধ্যে সম্ভাব্য সংঘাতের বিস্তার নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা চলছে।
গত সপ্তাহে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলার জন্য নতুন পরিকল্পনা তৈরি করেছে মার্কিন সামরিক বাহিনী। এসব পরিকল্পনায় জিবিইউ-৪৩/বি নামের শক্তিশালী বোমা ব্যবহারের বিষয়টিও থাকতে পারে। বোমাটি ‘মাদার অব অল বম্বস’ নামে পরিচিত।
প্রতিবেদনটি ইরানে নতুন করে মার্কিন সামরিক অভিযান শুরুর আশঙ্কা বাড়িয়েছে। তবে হামলার পরিকল্পনা তৈরি করা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশিত হলেও, এর অর্থ এই নয় যে অভিযান চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র: সামা টিভি
বিপি > এসপি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি