জাপানে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৪
ছবি: এএফপি
বাংলাপ্রেস ডেস্ক: দক্ষিণ-পশ্চিম জাপানের কুমামোটো প্রিফেকচারে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জাপানি সংবাদমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় বিকেলে কিউশু দ্বীপের কুমামোটো অঞ্চলে ৬.৯ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে বহু বাড়িঘর, বাণিজ্যিক ভবন ও বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ধসে পড়ে।
সবচেয়ে বড় দুর্ঘটনার শিকার হয় কাশিমা শহরের ঐতিহাসিক ‘এওন শপিং সেন্টার’। ভূমিকম্পের প্রায় এক ঘণ্টা পর মলটির সংস্কারকৃত অংশ ধসে পড়ে তীব্র গ্যাস বিস্ফোরণ ঘটে। এ ছাড়া ইয়াতসুশিরো শহরের নিপ্পন পেপার কারখানার একাংশ ধসে অন্তত পাঁচজনের মৃত্যু হয়।
তবে বর্তমানে উদ্ধার তৎপরতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রখর তাপদাহ। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, কুমামোটোতে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এ কারণে প্রায় ৯ হাজার আশ্রিত মানুষ ও উদ্ধারকর্মীদের হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
ইতিমধ্যে পানি ও বিদ্যুৎ সংযোগ বিছিন্ন থাকায় তৈরি হয়েছে মারাত্মক সংকট। আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের বড় একটি অংশই প্রবীণ নাগরিক, যাদের মধ্যে অনেকেই গরমজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি জরুরি ভিত্তিতে ৩০০টি এয়ারকন্ডিশনার পাঠানোর ঘোষণা দিয়েছেন।
অন্যদিকে বড় ধরনের ক্ষতির আশঙ্কায় অনেক বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে গাড়িতেই রাত কাটাচ্ছেন। ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার থেকে শুরু করে এ পর্যন্ত ১০০টির বেশি আফটারশক বা অনুকম্পন রেকর্ড করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সামরিক বাহিনীর যৌথ রেসকিউ টিম এখনও বেশ কিছু ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে যাচ্ছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা ছিল আকস্মিক, সময় মেলেনি প্রস্তুতির
সঙ্গীত একাডেমি, কানেকটিকাট
সঙ্গীত একাডেমি