২৬ নভেম্বর ২০২৬

জিয়াউলের অপরাধ সমুদ্রসমান, তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে একটি শিশির কণা: অ্যাটর্নি জেনারেল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ এএম
জিয়াউলের অপরাধ সমুদ্রসমান, তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে একটি শিশির কণা: অ্যাটর্নি জেনারেল

বাংলাপ্রেস ডেস্ক: গুম-খুন, নির্যাতন ও মরদেহ গুমের মতো অপরাধের ভয়াবহতা বিবেচনায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের একবারের মৃত্যুদণ্ডও যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, জিয়াউল আহসানের অপরাধ সমুদ্রসমান। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশির কণা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনকালে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ যুক্তিতর্ক উপস্থাপন করেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, এ মামলায় যেসব অপরাধের বিবরণ এসেছে, সেসবের ভয়াবহতা ভাষায় প্রকাশ করা কঠিন। একের পর এক মানুষকে তুলে নেওয়া, গোপনে আটকে রাখা, নির্যাতন, হত্যা ও মরদেহ গুম করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। একজন রাষ্ট্রীয় কর্মকর্তার হাতে থাকা ক্ষমতা ব্যবহার করা হয়েছে মানুষের জীবন কেড়ে নেওয়ার জন্য। এসব অপরাধে অসংখ্য পরিবার প্রিয়জন হারিয়েছে।

কোনো শাস্তিই এসব জীবন ফিরিয়ে দিতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, মায়ের কাছে সন্তানকে, স্ত্রীর কাছে স্বামীকে কিংবা সন্তানের কাছে বাবাকে ফিরিয়ে দিতে পারবে না কোনো আদালতের রায়। তবু অপরাধের বিচার হতে হবে। আর এ কারণেই আমরা ট্রাইব্যুনালের সামনে এসেছি।

শাস্তির প্রসঙ্গে দার্শনিক হেগেল ও মার্কিন আইন দার্শনিক হার্বার্ট মরিসকে উদ্ধৃত করে অ্যাটর্নি জেনারেল বলেন, শাস্তি পাওয়া অপরাধীর অধিকার। আজ বিচার না হলে অপরাধের শিকার মানুষ ও তাদের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে। রাষ্ট্রব্যবস্থার ওপর জনগণের আস্থা থাকবে না। এ ধরনের নৃশংস অপরাধের দৃষ্টান্তমূলক সাজা না হলে সভ্যতা টিকে থাকবে না।

রুহুল কুদ্দুস কাজল বলেন, অপরাধের সংখ্যা, নিষ্ঠুরতা ও মানুষের জীবনের ওপর ভয়াবহ প্রভাব বিবেচনায় এসব অপরাধের জন্য কোনো সাজাই যথেষ্ট নয়। এত মানুষের রক্তপাত, প্রাণহানি ও স্বজনদের দুর্ভোগের তুলনায় একবারের মৃত্যুদণ্ড অতি সামান্য। তার অপরাধ সমুদ্রসমান। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশির কণা।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি