খামেনির জানাজাকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি ইরানের
বাংলাপ্রেস ডেস্ক: প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠানকে সামনে রেখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যেকোনো ধরনের হামলা বা আগ্রাসন থেকে বিরত থাকার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আলী আবদোল্লাহি বলেন, ‘আমরা ইরানের শত্রুদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনকে যেকোনো ভুল হিসাব-নিকাশ থেকে বিরত থাকার সতর্কবার্তা দিচ্ছি। আমাদের দেশের বিরুদ্ধে যেকোনো হুমকি বা আগ্রাসনের কঠোর জবাব দিতে সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’
এর আগের দিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও একই ধরনের সতর্কবার্তা দিয়েছিলেন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ‘হত্যার লক্ষ্যবস্তু’ করার হুমকি দেওয়ার পর তিনি বলেন, ইরানের জনগণ বা নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দেবে তেহরান।
ইরানি গণমাধ্যম জানিয়েছে, শেষ বিদায় অনুষ্ঠানের সময় দেশজুড়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান জানিয়েছেন, আনুষ্ঠানিকতা চলাকালীন তেহরান ও মাশহাদসহ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের আকাশসীমায় সাময়িক বিধিনিষেধ আরোপ করা হবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের যৌথ হামলায় প্রাণ হারান ৮৬ বছর বয়সী খামেনি। তার শেষ বিদায়ের শোকযাত্রা ৪ জুলাই তেহরানে শুরু হবে। ৯ জুলাই নিজ শহর মাশহাদে দাফনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হবে। এর মধ্যবর্তী সময়ে কুম ও ইরাকেও বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ক্ষমতায় ফেরার পরই ডোনাল্ড ট্রাম্পের বিপুল আয়, বছরে ১০০ কোটি ডলার
জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ খারিজ করল সুপ্রিম কোর্ট
সঙ্গীত একাডেমি