লটারিতে ২০ লাখ ডলার জিতেও চাকরিতে ফিরলেন নারী
ছবি: সংগৃহীত
বাংলাপ্রেস ডেস্ক: মধ্যাহ্ন বিরতির সময় লটারির টিকিট কিনেছিলেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার এক নারী। টিকিট ঘষতেই দেখলেন, তিনি জিতে গেছেন ২০ লাখ ডলারের সর্বোচ্চ পুরস্কার। কিন্তু এত বড় সুখবর পেয়েও তিনি সঙ্গে সঙ্গে উদযাপনে মাতেননি। বরং লটারির টিকিটটি সঙ্গে নিয়ে আবার কাজে ফিরে যান!
পিপল ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, ওই দিন বেশ ব্যস্ত ও চাপের মধ্যে ছিলেন ওই নারী। মধ্যাহ্ন বিরতিতে কিছু খাওয়ার পাশাপাশি ভাগ্যও পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নেন তিনি। এরপর তিনি যান ‘লাভ ফুড মার্ট’ নামের একটি দোকানে। সেখানে ২০ ডলার দিয়ে ‘প্লাটিনাম সেভেনস’ নামের একটি লটারির টিকিট কেনেন। দোকানের ভেতরেই টিকিটটি ঘষে দেখেন তিনি। তখনই বুঝতে পারেন, তার টিকিটে উঠেছে লটারির সর্বোচ্চ পুরস্কার—২০ লাখ ডলার!
সাধারণত এমন খবর পেলে আনন্দে আত্মহারা হওয়ারই কথা। কিন্তু ওই নারীর মাথায় তখন অন্য চিন্তা।
তার মধ্যাহ্ন বিরতির সময় প্রায় শেষ। আবার কর্মস্থলে তার কিছু দায়িত্বও বাকি রয়েছে। তাই কোনো হৈচৈ না করে লটারির টিকিটটি নিজের কাছে রেখে তিনি ফিরে যান কাজে। এরপর স্বাভাবিকভাবেই নিজের দায়িত্ব শেষ করেন। পুরস্কার নিতে গিয়ে ভার্জিনিয়া লটারির কর্মকর্তাদের কাছে তিনি বলেন, ‘আমাকে কাজে ফিরে যেতে হয়েছিল এবং এমন আচরণ করতে হয়েছিল, যেন কিছুই ঘটেনি।’ নিজের পরিচয়ও গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছেন ওই নারী। ভার্জিনিয়ার গোপনীয়তা আইনের আওতায় লটারি বিজয়ীরা চাইলে পরিচয় প্রকাশ না করেই পুরস্কার নিতে পারেন।
পুরস্কারের অর্থ নেওয়ার সময় তার সামনে ছিল দুটি বিকল্প। চাইলে ৩০ বছরে কিস্তিতে পুরো ২০ লাখ ডলার নিতে পারতেন। আরেকটি সুযোগ ছিল একবারে নগদ অর্থ নেওয়ার। তিনি দ্বিতীয় পথটিই বেছে নেন। কর কাটার আগে এককালীন হিসেবে তিনি পান ৯ লাখ ৫২ হাজার ডলার। এদিকে, যে দোকান থেকে বিজয়ী টিকিটটি বিক্রি হয়েছিল, সেই দোকানও অতিরিক্ত পুরস্কারের অর্থ পেয়েছে। ভার্জিনিয়া লটারি জানিয়েছে, আইন অনুযায়ী কোনো বিজয়ী নিজের লিখিত অনুমতি না দিলে তার নাম, নিজ শহরের নাম বা জেতা অর্থের পরিমাণ প্রকাশ করা হয় না। তবে এত বড় অঙ্কের অর্থ জেতার পর ওই নারী চাকরি ছেড়েছেন কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
জাতিসংঘের বাইরে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
সঙ্গীত একাডেমি