১.৬ মিলিয়ন ডলার মেডিকেয়ার জালিয়াতি
মিশিগানে হোম কেয়ার মালিক দোষী সাব্যস্ত
হোম কেয়ার মালিককে দোষী সাব্যস্ত করেছে মিশিগানের ইস্টার্ন ডিস্ট্রিক্ট আদালত
নোমান সাবিত: মিশিগানের এক নার্স ও হোম হেলথ কেয়ার এজেন্সির মালিককে ১.৬ মিলিয়ন ডলারের মেডিকেয়ার জালিয়াতি পরিচালনার দায়ে দোষী সাব্যস্ত করেছে মিশিগানের ইস্টার্ন ডিস্ট্রিক্টের একটি ফেডারেল জুরি।
আদালতের নথি ও বিচার চলাকালে উপস্থাপিত প্রমাণ অনুযায়ী, ৫৫ বছর বয়সী রুবি স্কট মিশিগানের ফার্মিংটন হিলস এলাকার বাসিন্দা এবং ডেল্টা হোম হেলথ কেয়ার এলএলসি (ডেল্টা)-এর মালিক ও পরিচালনাকারী ছিলেন।
২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে স্কট ডেট্রয়েটের একটি হাসপাতালের ডিসচার্জ নার্সকে ঘুষ দিয়ে মেডিকেয়ার রোগীদের তথ্য সংগ্রহ করতেন এবং রোগীদের অজান্তে তাদের গোপন চিকিৎসা নথি ডেল্টায় ফ্যাক্স করতে বলতেন। এর আগে যৌথভাবে পরিচালিত আরেকটি হোম হেলথ কোম্পানির মাধ্যমে ওই নার্সের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। পরে নতুন কোম্পানিতে রোগী পাঠানোর জন্য তিনি নার্সকে প্রতিটি রোগীর বিপরীতে অতিরিক্ত ১০০ ডলার দেওয়ার প্রস্তাব দেন।
স্কট ক্যাশঅ্যাপ, পেপাল, চেক ও নগদ অর্থের মাধ্যমে ওই নার্সকে ১ লাখ ৩০ হাজার ডলারের বেশি পরিশোধ করেন। চুরি করা রোগীর তথ্য ব্যবহার করে তিনি মেডিকেয়ারের কাছে হোম হেলথ সেবার বিল জমা দেন, যদিও রোগীরা জানতেন না যে তাদের ব্যক্তিগত ও চিকিৎসাসংক্রান্ত তথ্য অপব্যবহার করা হচ্ছে।
বিচারে উপস্থাপিত প্রমাণে দেখা যায়, মেডিকেয়ার থেকে সফলভাবে বিল আদায় করতে পারলে স্কট প্রতি রোগীর জন্য নার্সকে প্রায় ৩০০ ডলার করে দিতেন।
২০১৮ থেকে ২০২৪ সালের মধ্যে জমা দেওয়া বিভিন্ন বিলে স্কট মিথ্যাভাবে দাবি করেন যে চিকিৎসকরা রোগীদের হোম হেলথ সেবার জন্য যোগ্য বলে অনুমোদন দিয়েছেন, যার মধ্যে রোগীদের 'হোমবাউন্ড' বা বাড়ির বাইরে যেতে অক্ষম বলে উল্লেখ করা হয়। কিন্তু তদন্তে প্রমাণিত হয়, অনেক ক্ষেত্রেই কোনো চিকিৎসক এসব রোগীকে কখনো মূল্যায়নই করেননি।
অনেক ক্ষেত্রে স্কট প্রকৃত চিকিৎসকদের পরিচয় ব্যবহার করে ভুয়া মূল্যায়নের নথি তৈরি করেন, যদিও ওই চিকিৎসকরা রোগীদের কখনো দেখেননি এবং তাদের তথ্য জালিয়াতিতে ব্যবহৃত হচ্ছে তাও জানতেন না।
একজন সাক্ষী জানান, এক রোগীর জন্য ডেল্টা হাজার হাজার ডলার পেমেন্ট পেলেও ওই রোগী কখনো স্কটের প্রতিষ্ঠানের কাছ থেকে সেবা নেননি।
আরও জানা যায়, মেডিকেয়ারে যেসব রোগীর নামে দাবি জমা দেওয়া হয়েছিল, তাদের এক-তৃতীয়াংশেরও বেশি রোগীর ফাইল ডেল্টা সংরক্ষণ করেনি। এসব দাবির বিপরীতে মেডিকেয়ার ডেল্টাকে ১.২ মিলিয়ন ডলারের বেশি পরিশোধ করে।
প্রসিকিউটরদের মতে, স্কটের কর্মকাণ্ডের কারণে মেডিকেয়ারের প্রায় ১.৬ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে, যা মেডিকেয়ার ট্রাস্ট ফান্ডের ওপর চাপ সৃষ্টি করে এবং প্রকৃত দাবির অর্থ পরিশোধ কঠিন করে তুলতে পারে।
জুরি স্কটকে স্বাস্থ্যসেবা জালিয়াতির পাঁচটি অভিযোগ, যুক্তরাষ্ট্রকে প্রতারণা ও অবৈধ স্বাস্থ্যসেবা ঘুষ প্রদানের ষড়যন্ত্র এবং অবৈধ স্বাস্থ্যসেবা ঘুষ প্রদানের চারটি অভিযোগে দোষী সাব্যস্ত করে।
তার সাজা ঘোষণা করা হবে আগামী ২৪ সেপ্টেম্বর। প্রতিটি স্বাস্থ্যসেবা জালিয়াতির অভিযোগে সর্বোচ্চ ১০ বছর, প্রতিটি ঘুষের অভিযোগে সর্বোচ্চ ১০ বছর এবং ষড়যন্ত্রের অভিযোগে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড হতে পারে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ন্যাশনাল ফ্রড এনফোর্সমেন্ট ডিভিশনের সহকারী অ্যাটর্নি জেনারেল কলিন এম. ম্যাকডোনাল্ড, এফবিআই ডেট্রয়েট ফিল্ড অফিসের স্পেশাল এজেন্ট রিউবেন কোলম্যান এবং স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের ইন্সপেক্টর জেনারেলের দপ্তরের স্পেশাল এজেন্ট থমাস এথরিজ এ তথ্য জানান।
মামলাটি তদন্ত করেছে এফবিআই ডেট্রয়েট ফিল্ড অফিস ও এইচএইচএস-ওআইজি। মামলার পক্ষে আদালতে ছিলেন ক্রিমিনাল ডিভিশনের ফ্রড সেকশনের ট্রায়াল অ্যাটর্নি কেলি এম. ওয়ার্নার ও আহমাদ হুদা।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি