নাগরিকত্ব পেতে দেরি হওয়ায় ফেডারেল সরকারের বিরুদ্ধে গ্রিন কার্ডধারীদের মামলা
গ্রিন কার্ড
মিনারা হেলেন: যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব (ন্যাচারালাইজেশন) প্রক্রিয়ায় বিলম্ব ও আবেদন ঝুলিয়ে রাখার অভিযোগে ১৪ জন গ্রিন কার্ডধারী ফেডারেল সরকারের বিরুদ্ধে মামলা করেছেন।
হাইতি, ভেনেজুয়েলা এবং কোট দিভোয়ার থেকে আসা এসব আবেদনকারী অভিযোগ করেছেন, তারা আইন অনুযায়ী সব শর্ত পূরণ করলেও তাদের নাগরিকত্ব আবেদন হয় প্রত্যাখ্যান করা হয়েছে, নয়তো দীর্ঘদিন ধরে অমীমাংসিত রাখা হয়েছে।
বস্টনভিত্তিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মামলাকারীরা দাবি করেছেন ফেডারেল সরকার প্রক্রিয়াগত নিয়ম লঙ্ঘন করেছে এবং ৩৯টি দেশের নাগরিকদের অভিবাসন সুবিধা সংক্রান্ত আবেদন স্থগিত রেখে বৈষম্যমূলক আচরণ করেছে। তারা আদালতের কাছে আবেদন করেছেন, যেন বিচারক মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস)-কে তাদের আবেদন নিষ্পত্তি ও নাগরিকত্বের শপথ অনুষ্ঠানের তারিখ নির্ধারণের নির্দেশ দেন।
সাধারণত যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে একজন অভিবাসীকে অন্তত তিন বছর বৈধ স্থায়ী বাসিন্দা হিসেবে থাকতে হয়। এরপর আবেদন জমা দিলে কর্তৃপক্ষ তার পটভূমি যাচাই, আঙুলের ছাপ, সাক্ষাৎকার এবং নাগরিকত্ব ও ইংরেজি পরীক্ষার মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করে। এরপর ১২০ দিনের মধ্যে আবেদন অনুমোদন বা বাতিল করার কথা।
তবে মামলাকারীদের আইনজীবীদের মতে, নির্ধারিত সময় পার হয়ে গেলেও অনেক আবেদন এখনো ঝুলে আছে এবং কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। কিছু ক্ষেত্রে আবেদনকারীদের শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগও বাতিল করা হয়েছে, বিশেষ করে তাদের জন্মদেশের কারণে।
আইনজীবী আনা ম্যাকডুগল বলেন, মানুষের নাগরিকত্ব অনুষ্ঠান বাতিল হলে তা তাদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি করে। নাগরিকত্ব না থাকায় তারা নিরাপত্তাহীনতায় ভোগেন।
ফেডারেল কর্তৃপক্ষ এক স্মারকে জানিয়েছে, আগের যাচাই প্রক্রিয়া যথেষ্ট ছিল না এবং জাতীয় নিরাপত্তার ঝুঁকি এড়াতে কঠোর যাচাই প্রয়োজন। তবে মামলায় বলা হয়েছে, বিলম্বের জন্য 'অপ্রত্যাশিত পরিস্থিতি' ছাড়া কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।
গত ডিসেম্বর ট্রাম্প প্রশাসন কিছু দেশের নাগরিকদের অভিবাসন আবেদন প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেয়, যার ফলে নাগরিকত্ব প্রক্রিয়াও বাধাগ্রস্ত হয়।
অভিবাসী অধিকারকর্মীরা বলছেন, এই পদক্ষেপ একটি বৃহত্তর প্রবণতার অংশ, যেখানে নির্দিষ্ট দেশের নাগরিকদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে।
এই মামলাটি যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি ও নাগরিকত্ব প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি