নিউ ইয়র্ক মেয়রের বাসভবনের বাইরে হামলাকারী দুই কিশোরের 'নির্দোষ' দাবি
হামলাকারী দুই কিশোরের 'নির্দোষ' দাবি
নোমান সাবিত: নিউ ইয়র্কের গ্রেসি ম্যানশনের বাইরে গত মাসে কথিত ইসলামিক স্টেট-প্রভাবিত হামলার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার দুই কিশোর বুধবার ম্যানহাটনের ফেডারেল আদালতে সন্ত্রাসবাদ ও অস্ত্র-সংক্রান্ত অভিযোগ অস্বীকার করে নিজেদের ‘দোষী নন’ দাবি করেছেন।
১৮ বছর বয়সী এমির বালাত এবং ১৯ বছর বয়সী ইব্রাহিম কায়ুমিকে মেয়রের সরকারি বাসভবনের বাইরে একটি উগ্র ডানপন্থী, ইসলামবিরোধী বিক্ষোভের সময় গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তারা কাঁচের জার, নাট-বল্টু এবং অত্যন্ত বিস্ফোরক পদার্থ টিএটিপি ব্যবহার করে তৈরি অস্থায়ী বোমা বিস্ফোরণের চেষ্টা করেছিল।
গত সপ্তাহে ফেডারেল আদালতে দাখিল করা অভিযোগপত্রে বলা হয়েছে, গ্রেপ্তারের পর দুজনই ইসলামিক স্টেটের প্রতি সমর্থন ব্যক্ত করেছে।
নিউ ইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) মতে, ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে তরুণদের উগ্রপন্থায় ঝুঁকে পড়ার প্রবণতা বাড়ছে এই ঘটনাটি সেই প্রবণতারই একটি উদাহরণ। গ্রেসি ম্যানশন ঘটনার কয়েক সপ্তাহ পরই নিউ জার্সির এক ব্যক্তি, যিনি একটি ইহুদি উগ্রপন্থী গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে অভিযোগ, তাকে মলোটভ ককটেল দিয়ে এক ফিলিস্তিনি কর্মীর ওপর হামলার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার করা হয়।
বালাত ও কায়ুমি আদালতে হাজির হন কারাগারের পোশাক, হাতকড়া ও কোমরে শিকল পরিহিত অবস্থায়। শুনানির সময় কায়ুমির পরিবারের সদস্যরা আদালত কক্ষে উপস্থিত ছিলেন এবং পুরো সময়টিতে গম্ভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। বিচারক তাদের কাছে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে দুজনই বলেন, 'দোষী নই।'
সহকারী মার্কিন অ্যাটর্নি জেন চং জানান, তদন্তকারীরা একাধিক ইলেকট্রনিক ডিভাইস এবং অনলাইন কেনাকাটার রেকর্ডসহ বিপুল পরিমাণ প্রমাণ সংগ্রহ করছেন। আগামী তিন সপ্তাহের মধ্যে যতটা সম্ভব প্রমাণ আদালতে উপস্থাপন করা হবে এবং পরবর্তীতে আরও তথ্য যোগ করা হবে।
বালাতের আইনজীবী সাবরিনা শ্রফ আদালতের কাছে আবেদন করেন, যেন অভিযুক্তদের ব্রুকলিনের ফেডারেল কারাগার মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে প্রমাণ পর্যালোচনার জন্য ল্যাপটপ ব্যবহারের সুযোগ দেওয়া হয়। তিনি বলেন, 'এমডিসি নিয়ে কতটা সমস্যা রয়েছে, তা আপনাকে নতুন করে বলার দরকার নেই।'
অভিযোগপত্রে বলা হয়েছে, পেনসিলভানিয়া থেকে নিউ ইয়র্কে আসার পথে গাড়িতে বসে বালাত ও কায়ুমির কথোপকথনের অংশ তদন্তকারীরা উদ্ধার করেছেন। সেখানে বালাত অনুমান করেন, বিস্ফোরণে ৮ থেকে ১৬ জন, এমনকি ভিড় বেশি হলে ৬০ জন পর্যন্ত নিহত হতে পারে।
এক পর্যায়ে বালাত বলেন, 'বোমা বিস্ফোরণের মুহূর্তটির জন্য আর অপেক্ষা করতে পারছি না লোকটির মাথা আর শরীর যেন ছিন্নভিন্ন হয়ে যায়।' অভিযোগপত্রে বলা হয়েছে, তিনি ইসলামবিরোধী বিক্ষোভের নেতা জেক ল্যাং-কে লক্ষ্যবস্তু করতে চেয়েছিলেন এবং 'সরকার', 'সাধারণ মানুষ' ও পুলিশকেও হামলার লক্ষ্য হিসেবে বিবেচনা করেছিলেন।
অন্যদিকে, কায়ুমি বলেন, তিনি 'মানুষদের আতঙ্কিত করতে চান' এবং 'সন্ত্রাস সৃষ্টি করতে চান।'
তদন্তকারীরা অভিযুক্তদের ব্যবহৃত গাড়ি থেকে ফিউজ, শক্ত টেপ এবং একটি নোটবুক উদ্ধার করেন, যেখানে হামলা চালানোর ধাপ, বোমা তৈরির উপকরণ, বিস্ফোরণ ঘটানোর নির্দেশনা এবং দ্রুতগতির ভারী গাড়ি ব্যবহার করে আরেকটি হামলার পরিকল্পনা উল্লেখ ছিল।
এছাড়া পেনসিলভানিয়ায় বালাতের ভাড়া নেওয়া একটি স্টোরেজ ইউনিটে তল্লাশি চালিয়ে টিএটিপির অবশিষ্টাংশযুক্ত পাত্র, '১২% হাইড্রোজেন পারঅক্সাইড' লেখা বোতল, সিরিঞ্জ, ডিজিটাল ওজন মাপার যন্ত্র, গ্লাভস, নাট-বল্টুর খোলা প্যাকেট এবং কাঁচের জার উদ্ধার করা হয়। সেখানে একটি নোটে লেখা ছিল, 'সব প্রশংসা আল্লাহর জন্য।'
বুধবার আদালত কক্ষ থেকে বের হওয়ার সময় কায়ুমি তার পরিবারের দিকে তাকান। তার এক স্বজন গভীরভাবে দীর্ঘশ্বাস ফেলেন এবং কান্নায় ভেঙে পড়েন। অন্য একজন চোখ মুছতে থাকেন। পরে তারা কোনো মন্তব্য না করেই আদালত ত্যাগ করেন।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
মধ্যপ্রাচ্যে বড় সামরিক পদক্ষেপ, হাজার হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি