নোট অব ডিসেন্ট শিথিল চাইলে কমিটিতে মত দিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: সরকারি দলের পক্ষ থেকে দেয়া নোট অব ডিসেন্টে শিথিলতা বা পরিবর্তন চাইলে বিরোধীদলকে সংবিধান সংশোধন কমিটির বৈঠকে এসে সে বিষয়ে প্রস্তাব দেয়ার আহ্বান জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শেষে ব্রিফিংকালে এই আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আর দু’একটি বৈঠক বাকি আছে। ইতোমধ্যে আমরা কম্পাইলেশন ওয়ার্ক শুরু করেছি। আজকের বৈঠকে আমরা ৬০ জনকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তাদের মধ্যে ৪৪ জন সদস্য উপস্থিত ছিলেন। অনেকেই অসুস্থ সেজন্য আসতে পারেননি। বৈঠকে অনেকেই অনেক প্রস্তাব দিয়েছেন।
তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া সম্পর্কে বৈঠকে আলোচনার বিষয়ে জানিয়ে তিনি বলেন, কেয়ারটেকার (তত্ত্বাবধায়ক) সরকারের বিধান যেন বিলুপ্ত করা না হয়— এ বিষয়ে আগেও অনেকে মতামত দিয়েছেন। যদি উচ্চকক্ষ গঠিত হয় এবং উচ্চকক্ষ যদি সংসদের একই মেয়াদে বিলুপ্ত না হয়, তাহলে সরকারি ও বিরোধীদলের সম্মতিতে স্পিকার নির্বাচিত হলে, স্পিকারকেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা যায় কি না— সে বিষয়ে অনেকে মতামত দিয়েছেন। সেই সঙ্গে স্পিকার বাদে অন্যান্য যারা উপদেষ্টা থাকবেন, তারাও যদি সরকারি ও বিরোধীদলের সম্মতিতে উপদেষ্টা নিযুক্ত হন— সে বিষয়েও অনেকে মতামত দিয়েছেন।
নোট অব ডিসেন্ট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বিরোধীদলকে আহ্বান জানিয়েছি, এখনো আহ্বান জানাচ্ছি— আমরা যদি প্রত্যেকের মতামত পাই, বিরোধীদল যদি কোনো কোনো ক্ষেত্রে নোট অব ডিসেন্টে কিছুটা শিথিলতা চায়, তবে সেটি তাদের বলতে হবে। তারা কমিটিতে এসে সেটি বললে কমিটি এ বিষয়টি বিবেচনা করতে পারে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে আমরা যেভাবে আলোচনা করেছিলাম— জুডিশিয়ারিকে বাইরে রেখে এবং রাষ্ট্রপতির সর্বশেষ অপশনটা বাদ দিয়ে, কীভাবে সবার ঐক্যমত্যের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যায়— বৈঠকে এই থিয়োরেটিকেল আলোচনা ছিল। আমরা বলেছি— যখন প্রক্রিয়া তখন তার সম্পর্কে বিরোধীদল লিখিত দিলে, আমাদের জন্য সুবিধা হবে। আমরা প্রত্যেকের মতামতগুলো পরীক্ষা করে দেখবো। আমরা সমঝোতার মধ্যদিয়েই এই সরকার গঠিত হোক— সেটিই চাই।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রধানমন্ত্রীর সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা জাপানের
বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ
সঙ্গীত একাডেমি