অমিতাভ বচ্চনকে আইনি নোটিশ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি
অমিতাভ বচ্চন
বাংলাপ্রেস ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে বলিউড তারকা অমিতাভ বচ্চন এবং সনি টিভি-কে আইনি নোটিশ পাঠিয়েছেন ভারতের পাঞ্জাবের সাঙ্গরুরের আইনজীবী ইন্দ্রজিৎ অরোরা। জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-এর কথিত এক ভিডিওতে অমিতাভ বচ্চনকে পাঞ্জাবের থানায় বোমা হামলা নিয়ে প্রশ্ন করতে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। তারই সূত্রে এই আইনি নোটিশ। আইনজীবী ইন্দ্রজিৎ অরোরার দাবি, অনুষ্ঠানে এমন প্রশ্ন পাঞ্জাবের সুনাম নষ্ট করছে। তাই তিনি দ্রুত সব জায়গা থেকে ভিডিওটি সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি ভিডিওটি যদি সত্যিই কেবিসির কোনো পর্বের হয়, তাহলে অমিতাভ বচ্চন ও সনি টিভিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন তিনি।
ভিডিওতে কী দেখা যাচ্ছে?
অরোরা জানান, তিন-চার দিন আগে তার এক মক্কেল স্ক্রিনশট ও প্রায় দুই মিনিটের ওই ভিডিওটি তাকে দেখান। কথিত সেই ভিডিওতে দেখা যায়, ১২.৫ লাখ রুপির একটি প্রশ্ন করতে গিয়ে অমিতাভ বচ্চন জানতে চাইছেন—সাম্প্রতিক সময়ে ভারতের কোন রাজ্যে অপরাধীরা নির্ভয়ে থানায় বোমা হামলা চালিয়েছে?
প্রশ্নটির চারটি অপশনে রাখা হয়েছে উত্তর প্রদেশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ ও পাঞ্জাব। এরপর প্রতিযোগীকে ৫০:৫০ লাইফলাইন নিতে দেখা যায়, যাতে উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গ বাদ পড়ে। শেষে অমিতাভ বচ্চনকে সঠিক উত্তর হিসেবে পাঞ্জাবের নাম বলতে শোনা যায়।
আইনজীবী ইন্দ্রজিৎ অরোরার মতে, এটি কোনো সাধারণ জ্ঞানের প্রশ্ন হতে পারে না; বরং একটি রাজ্যকে ছোট করার চেষ্টা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয়নি এটি সাধারণ জ্ঞানের প্রশ্ন; এটি একটি রাজ্যের বদনাম করার সরাসরি চেষ্টা।’
পাঞ্জাবে নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ বাড়ার সময় এমন ভিডিও ছড়িয়ে পড়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। ভিডিওটি এআই দিয়ে তৈরি কিনা—এমন প্রশ্নে তিনি বলেন, অমিতাভ বচ্চন ও সনি টিভির জবাব এলেই আসল ঘটনা বোঝা যাবে।
ভিডিওটি ভুয়া প্রমাণিত হলে যারা এটি বানিয়েছে বা ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবা হবে বলে জানান তিনি।
তবে সেই প্রশ্নটি সত্যিই ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে করা হয়েছিল কিনা, তার কোনো প্রমাণ এখনো মেলেনি। এ বিষয়ে অমিতাভ বচ্চন বা সনি টিভির কোনো আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি। সূত্র: দ্য স্টেটসম্যান / এএনএন
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি