অভিবাসন কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা উচিত কংগ্রেসের
ছাবেদ সাথী'র উপনয়ন
ছাবেদ সাথী
ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) দীর্ঘদিনের একটি চর্চা হলো ইনস্টাগ্রাম ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের হেফাজতে থাকা ব্যক্তিদের ছবি প্রকাশ করা। প্রায়ই এসব ছবিতে আটক ব্যক্তিদের বহিষ্কারের জন্য উড়োজাহাজে তোলার দৃশ্য দেখানো হয়।
প্রশাসনের প্রথম বছরেই এক্সে অন্তত দুই হাজার ছবি প্রকাশ করা হয়েছে। আর হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নতুন একটি ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে ৩০ হাজারের বেশি অভিবাসীকে। সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক পোস্টে তাঁদের অপরাধে দণ্ডিত হওয়ার তথ্যও দেওয়া হয়—যার কিছু ভুল। সাধারণত সংশ্লিষ্ট ব্যক্তি কারাদণ্ড ভোগ করে ফেলার পর এসব তথ্য প্রকাশ করা হয়।
কিছু পোস্ট আরও এগিয়ে গিয়ে অভিবাসীদের অনুমিত জাতিগত পরিচয় বা জাতীয় উৎসের ভিত্তিতে উপহাস কিংবা হেয় করে। ৯/১১-এর বার্ষিকীর কিছুদিন আগে প্রকাশিত এক শিখ ব্যক্তির ছবির ক্যাপশনে লেখা ছিল: “আমাদের সড়ক থেকে সরে যান, আপনি গাড়ি চালাতে জানেন না, মিস্টার সিং।” হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ওই পোস্ট প্রকাশের কয়েক দিনের মধ্যেই ওয়াইয়োমিংয়ে এক শ্বেতাঙ্গ তরুণ এক শিখ ট্রাকচালককে ছুরিকাঘাত করেন।
মিনেসোটায় আইসিইর আটক ব্যক্তিদের সংখ্যা নিয়ে অসংগতির বিষয়ে চলতি বছরের শুরুর দিকে অঙ্গরাজ্যটির একজন কর্মকর্তা বলেছিলেন, “তথ্য সংশোধন এবং যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে সরাসরি আলোচনার সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও তারা প্রকাশ্যে ভুল ও বিভ্রান্তিকর তথ্যের পুনরাবৃত্তি করে যাচ্ছে।”
এসব পোস্ট আইন প্রয়োগের কাজ নয়; এগুলো ক্ষমতার ভয়াবহ অপব্যবহার।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এসব প্রচার যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে হেয় করে, তাঁদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলে। একই সঙ্গে অভিবাসনের প্রকৃত ঝুঁকি ও সুফলকে বিকৃতভাবে তুলে ধরে। এটি সব ধরনের বর্ণবৈষম্য বিলোপসংক্রান্ত জাতিসংঘের সনদ ১৯৯৪ সালে অনুসমর্থনের মাধ্যমে যুক্তরাষ্ট্র যে দায়বদ্ধতা গ্রহণ করেছে, তার সরাসরি পরিপন্থী। জাতিসংঘের নির্দেশনায় অভিবাসীদের হুমকি হিসেবে উপস্থাপনের বিষয়ে সতর্ক করা হয়েছে।
অভিবাসীদের সঙ্গে রোগ ছড়ানো, চাকরি কেড়ে নেওয়া, কর ফাঁকি বা অপরাধকে এক করে দেখা কিংবা তাঁরা অসামঞ্জস্যপূর্ণভাবে বেশি সরকারি সুবিধার ওপর নির্ভরশীল—এমন মিথ্যা ধারণা না ছড়াতেও সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
নিজের অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থাকে এভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ব্যতিক্রম। তবে অন্য দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পার্থক্য হলো, সুপ্রিম কোর্টের স্বীকৃত ‘সরকারি বক্তব্যের মতবাদ’। এই মতবাদের আওতায় প্রথম সংশোধনীর ব্যাখ্যায় সরকারকে বিদেশিবিদ্বেষী বক্তব্যসহ নানা ধরনের মতপ্রকাশের ব্যাপক স্বাধীনতা দেওয়া হয়েছে।
কিন্তু হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এমন বক্তব্য দিতে পারে বলেই তা যথেষ্ট ন্যায্যতা পায় না। প্রতিটি সরকারি সংস্থার মূল বিবেচনা হওয়া উচিত—একটি নির্দিষ্ট প্রচার থেকে আইন প্রয়োগ ও জননিরাপত্তার যে উপকার পাওয়া যায়, তা পোস্ট প্রকাশের ফলে সংশ্লিষ্ট ব্যক্তির গোপনীয়তা বা মর্যাদার যে ক্ষতি হয়, তার চেয়ে বেশি কি না।
এই নীতি নতুনও নয়, অবাস্তবও নয়। এটি একটি সহজ ভারসাম্য যাচাইয়ের পদ্ধতি, যা কর্মকর্তারা নিয়ন্ত্রক নির্দেশনার মাধ্যমে প্রয়োগ করতে পারেন এবং বিচারিক পর্যালোচনার মাধ্যমে যার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা যায়।
প্রকৃতপক্ষে, যুক্তরাষ্ট্রের মার্শালস সার্ভিস এক দশকেরও বেশি সময় ধরে এই উদ্বেগ স্বীকার করে আসছে। সংস্থাটির নীতিমালায় বলা হয়েছে: “কোনো বন্দিকে গ্রেপ্তার করার পর সাধারণ নিয়ম হলো, তাঁর ছবি প্রকাশ করা হবে না। কারণ, সংবাদমাধ্যম বা জনসাধারণের কাছে তাঁর ছবি প্রকাশ আইন প্রয়োগের উদ্দেশ্য পূরণ করবে না।”
একই যুক্তি আইসিইর হেফাজতে থাকা ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য। কোনো ব্যক্তি হেফাজতে চলে আসার পর তাঁর ছবি প্রচার করে আইন প্রয়োগের দৃশ্যমান কোনো উদ্দেশ্য পূরণ হয় না। যুক্তরাষ্ট্রের সরকারি কর্তৃপক্ষকে বক্তব্য প্রচারের বিপুল ক্ষমতা দায়িত্বশীলভাবে এবং শুধু বৈধ জনস্বার্থে ব্যবহার করতে হবে।
সরকারি বক্তব্যের এই ক্ষতিকর ধরন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে সাংবিধানিক আইনের কার্যকর সুরক্ষাবিধান না থাকায় কংগ্রেসকে এগিয়ে আসতে হবে। অভিবাসনসংক্রান্ত কারণে আটক ব্যক্তিদের ছবি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ কখন এবং কেন প্রকাশ করতে পারবে, সে বিষয়ে স্পষ্ট আইনি সীমা নির্ধারণ করতে হবে।
এর মধ্যে এসব অ্যাকাউন্টের মাধ্যমে ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদায় চলমান হস্তক্ষেপের বিষয়টি বিবেচনায় নিয়ে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো স্থগিত রাখা উচিত—যত দিন না সংস্থাটি প্রমাণ করতে পারে যে তারা দায়িত্বশীলভাবে এসব মাধ্যম ব্যবহার করতে সক্ষম।
ছাবেদ সাথী: যুক্তরাষ্ট্রপ্রবাসী লেখক, সাংবাদিক ও মার্কিন রাজনৈতিক বিশ্লেষক। সম্পাদক বাংলা প্রেস।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি