অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, পাকিস্তানে ৭ জনের মৃত্যু
বাংলাপ্রেস ডেস্ক: পাকিস্তানের সিন্ধু প্রদেশের থরপারকার জেলার একটি হাসপাতালে অ্যাম্বুলেন্সের ভেতরে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন আরও পাঁচজন। তাদের মধ্যে হাসপাতালের কর্মীরাও রয়েছেন।
পুলিশ ও উদ্ধারকর্মীদের বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
উদ্ধারকর্মীরা জানান, থরপারকারের নাগরপারকার উপজেলার দানো ধান্ধাল এলাকায় পিপলস প্রাইমারি হেলথকেয়ার ইনিশিয়েটিভ (পিপিএইচআই) পরিচালিত একটি হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে। রোগীদের অন্যত্র নেওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় অ্যাম্বুলেন্সের ভেতরে অক্সিজেন সিলিন্ডার সংযোগ দেওয়ার সময় সেটি বিস্ফোরিত হয়। মুহূর্তেই অ্যাম্বুলেন্সে আগুন ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় আগুনে পুড়ে সাতজন মারা যান। গুরুতর দগ্ধ পাঁচজনকে চিকিৎসার জন্য মিঠিতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত ও আহতদের মধ্যে রোগী এবং হাসপাতালের কর্মীরা রয়েছেন।
উদ্ধারকর্মীরা নিহত তিনজনের পরিচয় শনাক্ত করেছেন। তারা হলেন জাসওয়ান্ত, অ্যাম্বুলেন্সচালক ইসহাক থেবো ও পান্ধি রাজর। বাকি নিহতদের মরদেহ আগুনে মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
এদিকে, থরপারকারে পিপিএইচআই পরিচালিত হাসপাতালগুলোতে পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, হাসপাতালগুলোর সীমিত সুযোগ-সুবিধাও এ দুর্ঘটনার পেছনে ভূমিকা রেখে থাকতে পারে।
পুলিশ জানিয়েছে, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের বিষয়টি ছাড়াও দুর্ঘটনার অন্য সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখা হচ্ছে।
বিপি > এসপি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ইসরায়েলে কে ক্ষমতায় এল, তা আমাদের ভাবনার বিষয় নয়’: হিজবুল্লাহ প্রধান
সঙ্গীত একাডেমি